চরভদ্রাসনে স্বাভাবিক প্রসব বিষয়ে দিনব্যাপী কর্মশালা

আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ২০:০৫

ফরিদপুরের চরভদ্রাসন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সপ্তাহে ৭দিন এবং চব্বিশ ঘণ্টা (সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয় নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন এমসিএইচ সার্ভিস ইউনিট এর আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুগ্ম-সচিব ও পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক আব্দুল্লাহ সাজ্জাদ।

প্রধান অতিথি বলেন ‘চরভদ্রাসন উপজেলা নদী ভাঙন এলাকা। এখানে চরাঞ্চলের মায়েদের স্বাস্থ্য সেবা জরুরী। কিন্তু গত ১৫ বছরে এখানে কোন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গড়ে না ওঠায় এখানকার গর্ভবতী মায়েদের উপজেলা হাসপাতালে নরমাল ডেলিভারি করানোর পরামর্শ দেওয়া হয়।’ 

আরও পড়ুন: ১১ দিন বয়সী শিশু কন্যাকে বিক্রি করলেন মা

এসময় পরিবার কল্যাণ কেন্দ্রে কর্মরত প্রশিক্ষণপ্রাপ্তদের গর্ভবতী মায়েদের বাড়িতে গিয়ে বিনামূল্যে নরমাল ডেলিভারি করানোর নির্দেশ দেন তিনি। ডেলিভারি করানোর পূর্বে কোন মায়ের প্রাণের ঝুঁকি থাকলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সদর হাসপাতাল অথবা জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে দ্রুত পাঠানোর পরামর্শও দেন আব্দুল্লাহ সাজ্জাদ।

চরভদ্রাসন হাসপাতালে ৪ জন ডাক্তারের মধ্যে কোন ডাক্তার ঠিকমত দায়িত্ব পালন করে না সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে আব্দুল্লাহ সাজ্জাদ বলেন ‘এ চিত্র অনেক উপজেলাতেই রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত এদের বেতন বন্ধ করে দেওয়া। এরা চাকরি ছেড়ে দিক, এদের স্থলে নতুন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে’। 

প্রসূতি সেবায় জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ব্যবস্থাপনায় তাদের ভূমিকা ও গুরুত্বের উপর সার্বিক তথ্যাদি তুলে ধরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ তৃপ্তি বালা।

এছাড়া আরও বক্তব্য রাখেন, জেলা ডেপুটি সিভিল সার্জন মো. আফজাল হোসেন, চরভদ্রাসন উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো. মোতালেব হোসেন মোল্যা। স্বাগত বক্তব্য রাখেন, সরদার মো. হান্নান, উপ-পরিচালক পরিবার পরিল্পনা ফরিদপুর; ডা: মো. ছানোয়ার হোসেন খান, সহকারী পরিচালক(সিসি)কনসালটেন্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র ফরিদপুর। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা আবুল কালাম আজাদ, গাজিরটেক ইউপি চেয়ারম্যান মো. ইয়াকুব আলী, সাংবাদিক মো. মেজবাহ উদ্দিন, আবদুস সবুর কাজল ও আব্দুল ওহাব মোল্যা প্রমুখ। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকতাগণ উপস্থিত ছিলেন। 

কর্মশালায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনস্থ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক নিরাপদ স্বাভাবিক প্রসব সেবাকে আরও জোরদার করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। 

ইত্তেফাক/এএএম