‘বেগম জিয়া প্রস্তুতি নিতে নিতে ২টা-আড়াইটা বেজে যায়, অনেক সময় ৪টা পর্যন্ত অপেক্ষা করতে হয় চিকিৎসকদের’- বিএসএমএমইউ পরিচালকের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পরিচালকের বক্তব্য সত্যের অপলাপ। বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে এটি শুধু ডাহা মিথ্যাচারই নয়, সাবেক প্রধানমন্ত্রীর অসুস্থতা নিয়ে একটি চিকিৎসা প্রতিষ্ঠানের পরিচালক সরকারের পঙ্কিল রাজনৈতিক আবর্তের মধ্যে ঢুকে পড়বেন এটি কেউ প্রত্যাশা করেনি।
বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজতি এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।
রিজভী বলেন, আমরা খোঁজ নিয়ে জেনেছি, বেগম খালেদা জিয়া প্রতিদিন সকালের দিকেই রেডি হয়ে যান ইনস্যুলিন নিতে, চিকিৎসা নিতে। তিনি চিকিৎসকদের অপেক্ষায় বসে থাকেন; কিন্তু চিকিৎসকরা দুপুর ১২টা থেকে ১টার আগে তার কেবিনে আসেন না। আমি পরিচালককে চ্যালেঞ্জ দিয়ে বলছি-বিকেল ৪টা পর্যন্ত কবে কোন কোন ডাক্তার বেগম জিয়ার চিকিৎসার জন্য অপেক্ষা করেন, তাদের নাম জনগণকে বলুন। পরিচালক খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকারের বক্তব্য তোতা পাখির মতো বলছেন। সেটা সরকারের শেখানো বয়ান। এই ধরনের বক্তব্য কেউ প্রত্যাশা করেনি।
আরো পড়ুন : ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে প্রবেশে নতুন নিয়ম
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে তিন বছরের কারাদণ্ডের নিন্দা জানান রিজভী।
তিনি বলেন, বিচারকের এই রায় পূর্বপরিকল্পিত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বিচারক সাজা দেওয়ার জন্য অধিক উৎসাহিত হয়ে দ্রুত বিচারকার্য শেষ করেছেন। শুধুমাত্র রাজনৈতিক কারণেই তাকে সাজা দেওয়া হয়েছে।
সরকারের সমালোচনা করে রিজভী বলেন, দুর্নীতি ও ভুলনীতি সরকারের নীতি হওয়ার কারণে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছুঁয়েছে। সরকারের সিন্ডিকেটের কারণেই পিঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। অবিলম্বে পেঁয়াজের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে হবে।
ইত্তেফাক/ইউবি
