বৈধ ভিসায় ভারতে প্রবেশ করে ফেরার পথে বিএসএফের হাতে ইয়াবাসহ এক বাংলাদেশি নারী আটক হয়েছেন। বৃহস্পতিবার বিকাল পৌনে ৬টার দিকে বাংলাদেশ ও ভারতের হিলি চেকপোস্টে এই ঘটনা ঘটে। আটককৃত ওই নারীর নাম ফিরোজা বেগম (৪০)। সে দিনাজপুরের হাকিমপুর উপজেলার সীমান্তবর্তী মধ্যবাসুদেবপুর (হিলি রেলস্টেশন) গ্রামের সিরাজ উদ্দীনের স্ত্রী।
বিজিবির হিলি চেকপোস্ট ক্যাম্পের কোম্পানী কমান্ডার মো. আলতাফ হোসেন জানান, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে হিলি চেকপোস্ট দিয়ে ফিরোজা বেগম নামে ওই নারী বৈধ পাসপোর্ট-ভিসায় ভারতে যান (পাসপোর্ট নম্বর-বি আর ০৫৮১৭৩২)। সেখান থেকে বিকাল পৌনে ৬টার দিকে বাংলাদেশে ফেরার পথে ভারতের অভ্যন্তরের হিলি চেকপোস্টে কর্তব্যরত বিএসএফ সদস্যরা তার ভ্যানিটি ব্যাগ তল্লাশি করেন। এসময় ভ্যানিটি ব্যাগের ভেতরে লুকিয়ে রাখা ছোট একটি পোটলা থেকে ৬০০পিস ইয়াবা জব্দ করেন। এ ঘটনায় জড়িত ওই নারীকে আটক করে ভারতের হিলি বিএসএফ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে বলে জানতে পেরেছি।
আরও পড়ুন: বিয়ে করতে গিয়ে কারাগারে বর
এদিকে ভারতের হিলির স্থানীয় একটি সূত্র জানিয়েছে, সন্ধ্যা থেকে বিএসএফের কর্মকর্তারা ওই নারীকে জিজ্ঞাসাবাদ করছে। এরপর তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
ইত্তেফাক/এএএম
