ধর্মীয় রীতিমতে শনিবার দিনের বেলায় লেখা নিষেধ থাকায় এবারের জেএসসি পরীক্ষায় খ্রীস্টধর্মের দুই পরীক্ষার্থী কুষ্টিয়ার একটি কেন্দ্র শনিবার অনুষ্ঠেয় দুই বিষয়ের পরীক্ষা দিনের বদলে রাতে গ্রহণ করা হবে।
এরা হলো- কুষ্টিয়ার সেভেন ডে অ্যাডভেন্টিস্ট চার্চের শিক্ষার্থী আলবার্ট স্মিথ বালা ও কুষ্টিয়া সান আপ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী এ্যাডেনিস রাতুন বাইন।
আরও পড়ুন: কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৫
এবার অনুষ্ঠেয় জেএসসি পরীক্ষায় ২ নভেম্বর শনিবার বাংলা ও ৯ নভেম্বর শনিবার অংক পরীক্ষা সুচীপত্রে উল্লেখ থাকায় খ্রিস্টধর্মের ‘সেভেন ডে অ্যাডভান্টিস্ট’ সম্প্রদায়ের অনুসারী আলবার্ট স্মিথ বালা ও এ্যাডেনিস রাতুন বাইন স্ব-স্ব স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে দিনের পরিবর্তে রাতের বেলায় পরীক্ষা নেয়ার জন্য শিক্ষা বোর্ডে আবেদন করেন। পরবর্তীতে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ তাদের আবেদন বিবেচনা করে রাতে পরীক্ষা গ্রহণের অনুমতি দেয়। ২ নভেম্বর ও ৯ নভেম্বর শনিবার সকাল ১০ টার পরিবর্তে সন্ধ্যা ৬টা থেকে ৯টা পর্যন্ত ওই দুই পরীক্ষার্থীর বাংলা এবং গণিত বিষয়ের পরীক্ষা গ্রহণ করা করা হবে। তবে ওইদিন সকাল ১০টার আগেই তাদেরকে পরীক্ষা কেন্দ্রর নির্দিষ্ট একটি কক্ষে প্রবেশ করতে হবে এবং ওই কক্ষেই সারাদিন অবস্থানের পর রাতে পরীক্ষা নেয়া হবে।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাধব চন্দ্র রুদ্র জানান, খ্রিস্টধর্মের ‘সেভেন ডে অ্যাডভান্টিস্ট’ সম্প্রদায়ের অনুসারী দুই পরীক্ষার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে শনিবার দিন ওই দুই পরীক্ষার্থীর বাংলা ও অংক এ দুই বিষয়ের পরীক্ষা রাতে গ্রহণের অনুমতি দেয়া হয়।
কুষ্টিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক খলিলুর রহমান জানান, শিক্ষা বোর্ডের নির্দেশমতে খ্রীস্টধর্মের অনুসারী দুই পরীক্ষার্থীর দুই বিষয়ের পরীক্ষা রাতে গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
ইত্তেফাক/এমআরএম
