ইত্তেফাক পাঠকদের কাছে দোয়া চাইলেন এন্ড্রু কিশোর

আপডেট : ০১ নভেম্বর ২০১৯, ১৯:৩০

তানভীর তারেক, সিঙ্গাপুর থেকে ফিরে

 

সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন দেশবরেণ্য কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর। ১১  সেপ্টেম্বর থেকে চিকিত্সা নিচ্ছেন তিনি।  ১২ সেপ্টেম্বর তার বায়োপসি করা হয়। এরপর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর চিকিত্সকরা জানান তার শরীরে ক্যান্সার ধরা পড়েছে। সব মিলিয়ে ১৮টি কেমোথেরাপি দিতে হবে।

সর্বশেষ অবস্থা সম্পর্কে এই প্রতিবেদক হাসপাতালে শিল্পীর সঙ্গে দেখা করতে গেলে এন্ড্রু কিশোর বলেন, ‘আমি তো আজীবন সংগ্রাম করে যাওয়া মানুষ। তাই ভালো আছি। কখনো খারাপ আছি কাউকে বলিনি। কারণ সবই তো ঈশ্বর জানেন। অনেকেই আমার খোঁজ নিচ্ছেন। দোয়া করছেন। এটাই আমার কাছে ভালো লাগে। আর হাসপাতালে একদশ সনসান চুপচাপ থাকাটা আমার জন্য কষ্টের হয়ে যায়। আমি তো আজন্ম কোলাহলে থাকা মানুষ। তাই মাঝে মাঝে বারান্দায় হাঁটাহাঁটি করি।’ এদিকে এন্ড্রু কিশোরের স্ত্রী লিপিকা এন্ড্রু ইতি বলেন, ‘আপনাদের দাদা ভালো হয়ে উঠবেন এটাই একমাত্র প্রত্যাশা। চেকআপ, কেমোথেরাপি চলছে। ডাক্তারাও আশাবাদী।’

উল্লেখ্য, এই উপমহাদেশে কিশোর কুমারের পর অন্যতম স্বর্ণকণ্ঠ হিসেবে এন্ড্রু কিশোরকে আখ্যা দেন অনেকেই। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে কেমোথেরাপিসহ অন্যান্য চিকিত্সার জন্য মাসের কিছুদিন হাসপাতালের কেবিন থেকে বাকি দিনগুলো সিঙ্গাপুর ওয়েন রোডের শাহেদ অ্যাপার্টমেন্টে বাসা ভাড়া নিয়ে থাকছে এই পরিবার। সম্প্রতি একটি অনুষ্ঠানে সিঙ্গাপুরে খুরশীদ আলম পারফর্ম করতে গেলে দীর্ঘদিনের কলিগ অনুজপ্রতিম ভাই এন্ড্রু কিশোরকে দেখতে যান তিনি। এন্ড্রু কিশোর বলেন, ‘খুরশীদ ভাই এসেছিলেন এখানে একটি শো করতে। শো শেষ করে এলেন আমাকে দেখতে। অনেকরকম কথা হলো। আমরা তো একই পরিবারের। খুরশীদ ভাই আমার প্রায় ১২ বছরের বড় হলেও একেবারে বন্ধু-বড়ভাইয়ের মতো সম্পর্ক আমাদের।’ চিকিত্সকদের নিয়মিত চেকআপ ও কেমোথেরাপি শেষ করে আবারো শিল্পী তার স্বকীয়তায় ফিরবেন এটিই সকলের প্রত্যাশা। ইত্তেফাক পাঠকদের কাছে দোয়া চেয়েছেন এন্ড্রু কিশোর।

 

বি. দ্র: বরেণ্য কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের সঙ্গে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে দেওয়া প্রায় ২ ঘণ্টার আড্ডা আলাপের বিস্তারিত প্রকাশ হবে ৪ নভেম্বর ভিন্ন চোখের পাতায়। যেখানে তিনি নিজের ক্যারিয়ার ও সাম্প্রতিক গান, শিল্পীজীবন প্রসঙ্গে বিস্তারিত বলেছেন অকপটে।