দিনাজপুরে দিনে হিমেল হাওয়া সকাল আর সন্ধ্যায় কুয়াশা!

আপডেট : ০১ নভেম্বর ২০১৯, ২১:১৬

দিনাজপুর অফিস

দিনাজপুরে দিনে বইছে হিমেল হাওয়া, সকাল আর সন্ধ্যায় থাকছে কুয়াশা। শীতের বুড়ি যেনো জবরদখল করে নিচ্ছে জেলার প্রকৃতি।

জেলার একাধিক প্রবীণ ব্যক্তি জানান, এই জেলায় শীতের আগমন আগেই ঘটে। শীতের সময় প্রচণ্ড হাড় কাঁপানো শীত আর গরমের সময় তীব্র গরম। কার্তিকের শুরুতেই উত্তর দিগন্তে হিমালয়ের বরফচূড়া থেকে ছড়িয়ে পড়ছে শীতবুড়ির হিমশীতল নিঃশ্বাস। পূর্ব আকাশে কুয়াশা ঢাকা মুখ আর অল্পস্বল্প মরা রোদের ঝলকানিই মনে করিয়ে দিচ্ছে শীতের আগমনকে বরণ করে  নেওয়ার সময় এসেছে।

এদিকে শীতকে সামনে রেখে অনেকেই যারা পুরানো শীতবস্ত্র তুলে রেখেছিলেন সেগুলো বের করেছেন। কেউ আবার নতুন করে লেপ, তোষক, জাজিম তৈরি করছেন। শীতের আগমনে বিত্তবানরা শহরের নাম করা বিপণি বিতান ও কাপড়ের মার্কেটগুলোতে ছুটছেন। ফুটপাতগুলোতেও গরম কাপড়ের পসরা সাজিয়ে বসেছেন ভ্রাম্যমাণ পুরাতন কাপড় বিক্রেতারা। দিনাজপুর হকার্স মার্কেটের পুরাতন শীতের কাপড় বিক্রির ধুম লেগেছে।

তবে শীতের এ মাসগুলো যেনো প্রত্যন্ত অঞ্চলের নিম্নআয়ের গরিব ছিন্নমূল মানুষের কাছে অভিশাপ হয়ে দেখা দেয়।