পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতা
পলাশবাড়ীতে বন্যানিয়ন্ত্রণ বাঁধের অদূরে বালু উত্তোলন অব্যাহত রয়েছে। কিশামত চেরেঙ্গা নবনির্মিত বাঁধের পাশে ড্রেজার মেশিন দিয়ে ২৪ ঘণ্টা করতোয়া নদী থেকে বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী চক্র। এতে বন্যানিয়ন্ত্রণ বাঁধটি এখন মারাত্মক হুমকিতে রয়েছে। ২০১৭ সালের বন্যায় বাঁধ ভেঙে পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ এলাকায় ব্যাপক ফসলহানি ঘটে। পরবর্তীতে বন্যানিয়ন্ত্রণ বাঁধটি পুনর্নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। উপজেলার হোসেনপুর ইউনিয়ন (ভূমি) তহশিলদার হুমায়ুন কবীর জানান, বিষয়টি তার জানা নেই। তবে খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।
হোসেনপুর ইউপির ৬ নম্বর ওয়ার্ড সদস্য পল্লব মিয়া জানান, করতোয়া নদী থেকে বিভিন্ন সময়ে বালু উত্তোলন ও পরিবহনের ফলে বন্যানিয়ন্ত্রণ বাঁধসহ গ্রামীণ ও কাঁচা-পাকা রাস্তার ব্যাপক ক্ষতি হচ্ছে।
পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মেজবাউল হোসেন জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তা মাহাবুবর রহমান জানান, এ বিষয়ে ডিসি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী ভূমি কমিশনারকে অবহিত করেছি
