কালোবাজারে চাল বিক্রি
নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা
সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চাল কালোবাজারে বিক্রির পাঁচজনকে আটক করেছে শেরপুরের গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় জব্দ করা হয় ৪০ বস্তা (৬০ মণ) চাল, ৮০টি সরকারি সিলকৃত বস্তা ও বহনকারী ট্রাক।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নালিতাবাড়ী উপজেলার নন্নী বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার ডিবি পুলিশের এসআই হাসিবুল হাসান বাদী হয়ে ডিলারসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
জানা গেছে, ডিবি পুলিশের টহল দল বৃহস্পতিবার রাতে নন্নী বাজার এলাকায় যায়। গোপন সংবাদের ভিত্তিতে কালোবাজারে বিক্রি করা ট্রাকভর্তি চাল চ্যালেঞ্জ করে তারা। পরে ঐ ট্রাকে ডিলার ফিরোজ চৌধুরীর মালিকানাধীন ৪০ বস্তা (৬০ মণ) খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাওয়া যায়। চাল ভর্তি ট্রাক চালক ও শ্রমিকসহ ৫ জনকে আটক করে পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল ডিলার-শ্রমিকসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
