হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের বিভিন্ন স্থানে গ্রামবাসীর পৃথক সংঘর্ষে ৩৫ জন আহত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জ সদর উপজেলার সীমেরগাও গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে উভয় পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এরমধ্যে টেঁটাবিদ্ধ গুরুতর আহত চার জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হলেও পরে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তারা হচ্ছে :কবির মিয়া, রেনু মিয়া, আবুল খায়ের ও খালিছউল্লা।
স্থানীয় সূত্রে জানা যায়, সীমেরগাও গ্রামের তোতা মিয়ার সঙ্গে দীর্ঘদিন যাবত্ জমি নিয়ে বিরোধ চলে আসছিল পার্শ্ববর্তী সৈয়দাবাদ গ্রামের নুর মিয়া ও তার লোকজনদের। সন্ধ্যায় তাদের মধ্যে এ নিয়ে সংঘর্ষ হলে উল্লেখিত লোকজন আহত হয়। একই দিন বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর গ্রামে ছোটো শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে গ্রামের শহিদ মিয়া ও ফিরোজ মিয়ার পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হলে ১৫ জন আহত হয়। গুরুতর আহত ছয় জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউপি চেয়ারম্যান পদে উপনির্বাচনে বিরোধের জের ধরে ভানুদেব ও ফুটারচর গ্রামের দুই দল লোকের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।
