ঘোড়াঘাটে পেঁঁয়াজের বাজার চড়া

আপডেট : ০১ নভেম্বর ২০১৯, ২১:২৪

ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা

ভারত থেকে পর্যাপ্ত পেঁয়াজ না আসায় ও দেশে পর্যাপ্ত উত্পাদন না হওয়ায় সারাদেশের মতো ঘোড়াঘাটেও পেঁয়াজের বাজারে আগুন। বেপরোয়াভাবে বেড়েই চলছে পেঁয়াজের দাম। পেঁয়াজের ঝাঁজ কোনোভাবেই কমছে না। বেকায়দায় পড়েছে খেটে-খাওয়া নিম্ন-আয়ের মানুষ। আমদানি করা পেঁয়াজ দ্রুত না আসলে আরো দাম বাড়তে পারে বলে আশঙ্কা করছে ক্রেতারা। ঘোড়াঘাটে তিন দিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা। গত সোমবার উপজেলার রানীগঞ্জসহ বিভিন্ন হাটবাজারে দেশীয় পেঁয়াজ ৮০ থেকে ৯০ টাকা দরে বিক্রি হয়। বৃহস্পতিবার থেকে প্রতি কেজি পেঁয়াজ ১৩০ থেকে ১৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।

রানীগঞ্জ বাজারে পেঁয়াজ কিনতে আসা মাহতাব আল মাহমুদ বলেন, প্রতিদিন বাড়ছে পেঁয়াজের দাম। বাজারে নিয়ন্ত্রণ না থাকায় সাধারণ ক্রেতারা পড়েছেন বিপাকে। ভোক্তা অধিকার সংরক্ষণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ভ্রাম্যমাণ আদালত পরিচালিত না হওয়ায় পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণ হচ্ছে না বলে ক্রেতাদের অভিযোগ। পেঁয়াজ ব্যবসায়ী মোনতাজ আলী বলেন, এক সপ্তাহ আগে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ ৭০ থেকে ৮০ টাকা বিক্রি হয়। ভারতীয় পেঁয়াজ আর পাওয়া যাচ্ছে না। বেশি দামে পেঁয়াজ কিনে আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।