স্পোর্টস রিপোর্টার
সাকিব আল হাসানকে ছাড়াই আগামী এক বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে হবে বাংলাদেশ জাতীয় দলকে। জুয়াড়ি দীপক আগারওয়ালের দেওয়া ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন বাঁহাতি এই অলরাউন্ডার। আইসিসি তার শাস্তি এক বছরের জন্য স্থগিত করায় এক বছর পরই ফিরতে পারবেন তিনি।
সাকিববিহীন বাংলাদেশ দলের মিশন শুরু হচ্ছে ভারত সফর থেকে। তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথমটিতে আগামীকাল দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে মাঠে নামবে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন বাংলাদেশ। দিল্লিতে ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।
টাইগারদের হেড কোচ রাসেল ডমিঙ্গো গতকাল বলেছেন, সাকিবকে হারানো দলের জন্য বড়ো ক্ষতি। দিল্লিতে দলের অনুশীলনের পর সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপে এই মন্তব্য করেছেন এই প্রোটিয়া কোচ।
অলরাউন্ডার সাকিব তিন ফরম্যাটেই বাংলাদেশ দলের অপরিহার্য সদস্য। ব্যাটে-বলে তার পারফরম্যান্সের দিকে তাকিয়ে থাকে গোটা দল। গেল বিশ্বকাপেও ঈর্ষণীয় পারফরম্যান্স উপহার দিয়েছিলেন এই অলরাউন্ডার। ব্যাটিং, বোলিং দুই বিভাগেই সাকিবের অভাব বড়ো চ্যালেঞ্জে ফেলবে বাংলাদেশকে। তাছাড়া অভিজ্ঞ এই ক্রিকেটার টেস্ট ও টি-২০ তে দলের অধিনায়ক ছিলেন।
গতকাল দিল্লিতে সাকিবকে হারানোর বিষয়ে বাংলাদেশের হেড কোচ ডমিঙ্গো বলেছেন, ‘যে কেউ সাকিবের অনুপস্থিতি টের পাবে। সে দারুণ ক্রিকেটার, সেরা খেলোয়াড়দের একজন। ক্রিকেটাররা তার ওপর অনেক নির্ভর করে। তাকে না পাওয়া অপূরণীয় ক্ষতি এই ব্যাপারে কোনো সন্দেহ নেই।’
শুধু সাকিব নয়, ভারত সফরে বাংলাদেশ পাচ্ছে না নির্ভরযোগ্য ব্যাটসম্যান তামিম ইকবালকেও। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে এই সিরিজ থেকে ছুটি নিয়েছেন এই ওপেনার। ব্যাটিংয়ে দলের ভরসা এই ওপেনার। বিশ্বকাপের শ্রীলঙ্কা সফরে খেলার পর থেকেই বিরতিতে আছেন তামিম। দেশের মাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্ট, ত্রিদেশীয় টি-২০ সিরিজেও খেলেননি তিনি।
ডমিঙ্গো বলছেন, দলের সবার প্রতিই ভরসা করছে টিম ম্যানেজমেন্ট। সাকিব-তামিমের বিকল্প খুঁজতে হবে বলে মনে করেন তিনি। প্রোটিয়া এই কোচ গতকাল বলেছেন, ‘আমাদের দল ১৫ জনের। আমরা এদের প্রত্যেকের প্রতিই ভরসা করি। অবশ্যই আমাদের দলে সাকিব-তামিম নেই। যাদের বদলি খুঁজে বের করতে হবে।’
আবার দুই অভিজ্ঞ ক্রিকেটারের অনুপস্থিতি দলের তরুণদের জন্য ভালো সুযোগ বলে মনে করেন ডমিঙ্গো। বাংলাদেশের কোচ বলেছেন, ‘তারা না থাকাতে দলের তরুণ ক্রিকেটারদের সামনে সুযোগ তৈরি হয়েছে। বদলি পাওয়া কঠিন হলেও আমাদের দলে কয়েকজন ভালো ক্রিকেটার আছেন যারা তাদের বদলি হতে পারেন।’
সাকিবের না থাকা দলের ভারসাম্যে প্রভাব ফেলবে। এমনকি তার নিষেধাজ্ঞা দলের অনেক ক্রিকেটারের ওপরও প্রভাব ফেলতে পারে। তবে ডমিঙ্গো বলছেন, পুরো দলের মনোযোগ এখন টি-২০ সিরিজকে ঘিরে। শক্তিশালী ভারতের বিরুদ্ধে এই সিরিজকে আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপের প্রস্তুতির ক্ষেত্র হিসেবেই দেখছেন বাংলাদেশের কোচ।
ডমিঙ্গো বলেছেন, ‘সাকিবের নিষেধাজ্ঞা কিছু প্লেয়ারের ওপর প্রভাব ফেলতে পারে। সে একটা ভুল করেছে এবং তার মূল্য দিচ্ছে। এটা দলের ওপর প্রভাব ফেলেই। কিন্তু আমাদের ফোকাস ও মাইন্ডসেট এখন এই সিরিজকে ঘিরে এবং আমরা ২০২০ টি-২০ বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছি।’
