সহজ জয়ে শুরু ইংল্যান্ডের

আপডেট : ০১ নভেম্বর ২০১৯, ২১:৩৪

স্পোর্টস ডেস্ক

দুই দলের মধ্যকার আগের আন্তর্জাতিক ম্যাচটাই ছিল বিশ্বকাপের ফাইনাল। যদিও, সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে গতকাল বিশ্বকাপ ফাইনালের সেই উত্তাপ ছিল সামান্যই। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালের ম্যাচে ৭ উইকেটের বড়ো জয় পেয়েছে ইংল্যান্ড দল।

এই জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড। ওয়েলিংটনে আগামী তিন নভেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ।

ইংলিশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে খুব বড়ো সংগ্রহ গড়তে পারেনি নিউজিল্যান্ড। ২০ ওভারে ৫ উইকেটে তোলে তারা ১৫২ রান। সর্বোচ্চ ২টি উইকেট নেন ইংল্যান্ড পেসার ক্রিস জর্ডান। অন্যদিকে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন রস টেইলর।

জবাব দিতে নেমে সফরকারী ইংলিশরা লক্ষ্যে পৌঁছে যায় ৯ বল বাকি রেখে। ইংল্যান্ডের জয় নিশ্চিত হয়েছে জেমস ভিন্সের ঝড়ো এক হাফ সেঞ্চুরিতে। ৩৮ বলে সাতটি চার ও দুটি ছক্কায় তিনি করেন ৫৯ রান।

নিজের খেলা প্রথম বলে বাউন্ডারি হাঁকিয়ে শুরু করেন তিনে নামা ভিন্স। ৩৩ বলে সাত চার ও এক ছক্কায় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের প্রথম ফিফটি তুলে নেন ডানহাতি এই ব্যাটসম্যান। অধিনায়ক ইয়ন মর্গান অপরাজিত থাকেন ২১ বলে ৩৪ রানে। ৪ ওভারে ২৩ রান দিয়ে ৩ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের সেরা বোলার স্যান্টনার। ম্যাচ সেরার পুরস্কার পান ভিন্স।

সংক্ষিপ্ত স্কোর

টস : ইংল্যান্ড

নিউজিল্যান্ড : ১৫৩/৫, ২০ ওভার (টেইলর ৪৪, সেইফার্ট ৩২, জর্ডান ২/২৮)।

ইংল্যান্ড : ১৫৪/৩, ১৮.৩ ওভার (ভিন্স ৫৯, বেয়ারস্টো ৩৫, স্যান্টনার ৩/২৩)।

ফল : ইংল্যান্ড ৭ উইকেটে জয়ী।

ম্যাচ সেরা : জেমস ভিন্স (ইংল্যান্ড)।

সিরিজ : পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড।