স্পোর্টস ডেস্ক
তিন ম্যাচের তিনটিকেই পঞ্চাশোর্ধ্ব রান। এর মধ্যে প্রথমটায় সেঞ্চুরি, পরের দুটো হাফ সেঞ্চুরি। গতকাল সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচেও অব্যাহত থাকল ডেভিড ওয়ার্নারের রানবন্যা। আর এই দাপটে আবারো জ্বলেপুড়ে ছারখার হয়ে গেল শ্রীলঙ্কা। হোয়াইটওয়াশ হলো টি-টোয়েন্টি সিরিজে।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে গতকাল সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতেও সাত উইকেটের বড়ো জয় পেয়েছে অস্ট্রেলিয়া। লাসিথ মালিঙ্গার দল সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে দুই ওভার দুই বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় অ্যারন ফিঞ্চের দল। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে করে ১৪২ রান। উইকেটরক্ষক ব্যাটসম্যান কুশল পেরেরা করেন দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রান। অজিদের হয়ে দুটি করে উইকেট নেন মিশেল স্টার্ক, কেন রিচার্ডসন ও প্যাট কামিন্স।
জবাব দিতে নেমে মাত্র তিন উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা। ওপেনার ওয়ার্নার ৫৭ রান করে অপরাজিত থাকেন। ৫০ বলের ইনিংসে ছিল চারটি চার ও একটি ছক্কা। টানা তৃতীয়বারের মত ম্যাচ সেরার পুরস্কার পান তিনি। স্বভাবতই ইনিংস সেরার পুরস্কারও পেয়েছেন তিনি। এছাড়া অধিনায়ক ফিঞ্চ করেন ৩৭ রান।
সংক্ষিপ্ত স্কোর
টস : অস্ট্রেলিয়া
শ্রীলঙ্কা : ২০ ওভারে ১৪২/৬ (পেরেরা ৫৭, ফার্নান্দো ২০; কামিন্স ২/২৩, রিচার্ডসন ২/২৫, স্টার্ক ২/৩২)
অস্ট্রেলিয়া : ১৭.৪ ওভারে ১৪৫/৩ (ওয়ার্নার ৫৭*, ফিঞ্চ ৩৭, টার্নার ২২*; প্রদীপ ১/২০, মালিঙ্গা ১/২২)
ফলাফল : অস্ট্রেলিয়া সাত উইকেটে জয়ী।
সিরিজ : অস্ট্রেলিয়া ৩-০ ব্যবধানে জয়ী।
ম্যাচ ও সিরিজ সেরা : ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)।
