এনসিএলের চতুর্থ রাউন্ড আজ শুরু

আপডেট : ০১ নভেম্বর ২০১৯, ২১:৩৭

স্পোর্টস রিপোর্টার

২১তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চতুর্থ রাউন্ড শুরু হবে আজ। প্রথম স্তরের ম্যাচে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খুলনার বিপক্ষে মাঠে নামবে রংপুর বিভাগ। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামের দুই নম্বর মাঠে ঢাকার প্রতিপক্ষ রাজশাহী বিভাগ।

দ্বিতীয় স্তরের ম্যাচে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামের ১ নম্বর মাঠে বরিশালের মুখোমুখি হবে সিলেট। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকা মেট্রো লড়বে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে। সবগুলো ম্যাচই শুরু হবে সকাল সাড়ে ৯টায়।

এই রাউন্ডে চট্টগ্রাম পাবে না নিয়মিত অধিনায়ক মুমিনুল হককে। বাংলাদেশের টেস্ট দলের দায়িত্ব পাওয়া এই বাঁহাতি ক্রিকেটার ব্যক্তিগত কারণে ছুটি নিয়ে ব্যাংককে গিয়েছেন। ৩ নভেম্বর ফেরার কথা রয়েছে তার। মুমিনুলের জায়গায় চট্টগ্রামের নেতৃত্ব দেবেন ইয়াসির আলী রাব্বি।

তিন রাউন্ড শেষে এনসিএলের প্রথম স্তরের শীর্ষে আছে খুলনা বিভাগ। তাদের সংগ্রহ ১৭.২৫ পয়েন্ট। পরেই অবস্থান করছে রাজশাহী, ঢাকা ও রংপুর বিভাগ। দ্বিতীয় স্তরে চট্টগ্রাম বিভাগ শীর্ষে আছে ১৬.৪২ পয়েন্ট নিয়ে। তারপরই রয়েছে বরিশাল, সিলেট ও ঢাকা মেট্রো।