স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের আবেদন প্রধান আসামির

আপডেট : ০১ নভেম্বর ২০১৯, ২১:৫৭

রিফাত হত্যা মামলা

 বরগুনা (দক্ষিণ) প্রতিনিধি

বরগুনার বহুল আলোচিত শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যা মামলার প্রাপ্তবয়স্ক প্রধান আসামি রাকিবুল হাসান রিফাত ফরাজী আদালতে তার দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেছেন। অপরদিকে, এ মামলা অপ্রাপ্তবয়স্ক অভিযুক্তদের বিচারের জন্য বরগুনার শিশু আদালতে প্রেরণ করা হয়েছে।

গত বৃহস্পতিবার সকালে মামলার ধার্য তারিখে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামি রিফাত ফরাজীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের আবেদন করা হয়। কিন্তু এ মামলার মূল নথি জেলা ও দায়রা জজ আদালতে থাকায় এ ব্যাপারে শুনানি হয়নি। এছাড়া এ মামলার পরবর্তী তারিখ ৬ নভেম্বর ধার্য করেছেন বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী। একই সঙ্গে অপ্রাপ্তবয়স্ক অভিযুক্তদের মামলার পরবর্তী তারিখও নির্ধারণ করা হয়েছে ৬ নভেম্বর।

রিফাত হত্যা মামলার আসামি কামরুল হাসান সাইমুনের আগামী ১১ নভেম্বর একটি পরীক্ষা আছে। এ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আদালতে আবেদন করে সাইমুন। পরীক্ষার প্রবেশপত্র আদালতে উপস্থাপন করা হলে আদালত সাইমুনকে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেবে বলে জানা গেছে। গত ২৬ জুন রিফাত হত্যাকাণ্ড সংগঠিত হয়। পরদিন ২৭ জুন ১২ জনের নাম উল্লেখসহ   অজ্ঞাত আরো পাঁচ-ছয় জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন রিফাতের বাবা আবদুল হালিম  দুলাল শরীফ। এ মামলার তদন্ত শেষে গত ১ সেপ্টেম্বর ২৪ জনকে অভিযুক্ত করে প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক, দুই ভাগে বিভক্ত  করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। অভিযোগপত্রভুক্ত ২৪ আসামির মধ্যে আট জন বরগুনা জেলা কারাগারে এবং ১৩ জন যশোর শিশু ও কিশোর সংশোধনাগারে রয়েছে। এছাড়া দুই আসামি জামিনে রয়েছে। আর এ মামলার প্রাপ্ত বয়স্ক আসামি মো. মুসা এখনো পলাতক।