ধর্ষণের অভিযোগ, গ্রেফতার তিন
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির নথুল্লাবাদ জামিলা খাতুন কলেজের আইএ প্রথম বর্ষের এক ছাত্রীকে অচেতন অবস্থায় অপহরণ করে নেওয়ার ৯ দিন পর তাকে উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাতে পুলিশ বরিশালের বিমানবন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে ঐ ছাত্রীকে উদ্ধার এবং অপহরণকারী শামিম হাওলাদারকে গ্রেফতার করে। পরিবারের দাবি অপহরণকারী ভিকটিমকে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করেছে।
ঝালকাঠি থানা পুলিশ গত বৃহস্পতিবার ভিকটিম ছাত্রীটিকে উদ্ধার করে শারীরিক পরীক্ষা শেষে জবানবন্দি দিতে আদালতে হাজির করে। গত ২১ অক্টোবর তাকে অপহরণ করা হয়। এই ঘটনায় ভিকটিম ছাত্রীর চাচা বাদী হয়ে শামিম হাওলাদার, তার মা ডালিম বেগম, ভাই সবুজসহ চার জনকে আসামি করে ঝালকাঠি থানায় মামলা করেন। শিশু ও নারী নির্যাতন দমন আইনে এই মামলা করা হয়। মামলা দায়েরের পর তদন্ত কর্মকর্তা এসআই সরোয়ার হোসেন শামিমের মা ডালিম বেগম ও ভাই সবুজকে গ্রেফতার করে। উল্লেখ্য, নলছিটি উপজেলার রায়পাশা গ্রামের মৃত শাহআলমের পুত্র শামিম হাওলাদার (২৩) ভাড়ায় মোটরসাইকেল চালক।
ঝালকাঠি থানা পুলিশ সূত্রে জানা যায়, আসামি শামিম নলছিটি থানার একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া তার ভাই সবুজ বরিশাল থানার ২টি এবং নলছিটি থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি।
এ বিষয়ে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এম এম মাহমুদ হাসান জানান, ভিকটিমকে অপহরণ করার বিষয়ে সহযোগিতা করায় শামিমের মামাতো ভাই বাপ্পি, রিফাতসহ চার-পাঁচ জনকে পুলিশ খুঁজছে। ভিকটিম ও তার পরিবার এই ঘটনার সঙ্গে জড়িত সব আসামিকে গ্রেফতার করে ফাঁসির দাবি জানিয়েছে।
