সাবেক তত্ত্বাবধায়কসহ পাঁচ জনের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট : ০১ নভেম্বর ২০১৯, ২১:৫৭

সাতক্ষীরা হাসপাতালে ভুয়া বিলে

৬ কোটি টাকা আত্মসাত্

 খুলনা অফিস ও সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা. শেখ শাহজাহান আলীসহ পাঁচ জনের বিরুদ্ধে ৬ কোটি ৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। গত বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান বাদী হয়ে দুদক সমন্বিত খুলনা জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় আসামিদের বিরুদ্ধে ‘পিকচার আরসিভিং অ্যান্ড কমিউনিকেশন সিস্টেম (পিএসিএস)’ নামক সফটওয়্যারসহ সংশ্লিষ্ট মেশিনারিজ সরবরাহ না করেই উল্লিখিত অর্থ আত্মসাত্ করেছেন বলে অভিযোগ আনা হয়েছে।

মামলার প্রধান আসামি ডা. শেখ শাহজাহান আলী বর্তমানে স্বাস্থ্য অধিদপ্তর ঢাকায় ওএসডি হিসেবে রয়েছেন। অপর আসামিরা হলেন—ঢাকার ৩৭/২, পুরানা পল্টনের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মার্কেন্টাইল ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. আব্দুস সাত্তার সরকার, একই প্রতিষ্ঠানের অংশীদার মো. আহসান হাবিব, অপর প্রতিষ্ঠান বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিকেল কোম্পানির স্বত্বাধিকারী মো. জাহের উদ্দিন সরকার এবং অপর প্রতিষ্ঠান ইউনিভার্সেল ট্রেড করপোরেশনের স্বত্বাধিকারী মো. আসাদুর রহমান।

মামলার বাদী দুদক প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান বলেন, আসামিরা অসত্ উদ্দেশে একে অপরের সহায়তায় ক্ষমতার অপব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে উল্লিখিত অর্থ আত্মসাত্ করেছেন।

তিনি জানান, মামলার ৪ নম্বর আসামি মো. জাহের উদ্দিন সরকার বর্তমানে অপর একটি মামলায় রংপুর কারাগারে রয়েছেন। মামলাটির তদন্তপূর্বক বাকি আসামিদেরও গ্রেফতার করা হবে বলে তিনি জানান।