সৌদির ইতিহাসে প্রথমবারের মতো নারীদের আন্তর্জাতিক কুস্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রাজধানী রিয়াদে দুই নারী কুস্তিগির নাটালিয়া ও লেসি ইভানসের মধ্যে এই প্রতিযোগিতা হয়। এর মাধ্যমে দেশটিতে নারীদের জন্য ক্রীড়া বিনোদনের আরেকটি ধাপ খুলে গেল বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে কিছুটা খোলামেলা পোশাকের খেলা হিসেবে পরিচিত এই প্রতিযোগিতায় দর্শকেরা প্রতিযোগীদের সংযত পোশাক পরার আহ্বান জানিয়েছিলেন। সেটি মাথায় রেখে নারী কুস্তিগিরেরা বডি স্যুট ও টি-শার্ট পরেন। ফলে কোনো পক্ষ থেকে বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়নি। আন্তর্জাতিক ভূবনের সঙ্গে তাল মেলাতে বিনোদনের জগতে কঠোর নিয়মকানুন শিথিলের পদক্ষেপ নিয়েছে রক্ষণশীল এই দেশটি।
সাম্প্রতিক বছরগুলোতে নারীর প্রতি রক্ষণশীল দৃষ্টিভঙ্গি থেকে সরে আসতে চাইছে সৌদি আরব। ২০১৮ সালে নারীদের গাড়ি চালানোর ওপর থেকে দীর্ঘ মেয়াদি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় তারা। এ বছরের আগস্ট মাসে পুরুষদের অভিভাবকত্ব প্রথায় পরিবর্তন আনে সরকার। পুরুষের অনুমতি ছাড়াই নারীদের স্বাধীনভাবে ভ্রমণের জন্য পাসপোর্টে আবেদন করার অনুমতি দেওয়া হয়।
জানা গেছে, বৃহস্পতিবার রিয়াদের কিং ফাহাদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ডব্লিউডব্লিউই ক্রাউন জুয়েল ইভেন্টের অংশ হিসেবে কুস্তির আয়োজন করা হয়। সেখানে ৬৮ হাজার দর্শক বসতে পারেন। খেলার পর নারী ভক্তদের জড়িয়ে ধরে আনন্দ প্রকাশ করেন নারী কুস্তিগিরেরা। খেলার পরে তাদের সঙ্গে ছবিও তোলেন। সৌদি কুস্তিগির মনসুর বলেন, নারীদের কুস্তি প্রতিযোগিতা তার কাছে খুবই অর্থবহ। এতে উপস্থিত থাকতে পারাটাও তার জন্য গৌরবের ব্যাপার ছিল বলে তিনি জানান। -ডেইলি মেইল
