সুন্দরবনে কেউ দস্যুবৃত্তি করতে চাইলে পরিণাম ভয়াবহ হবে :স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০১ নভেম্বর ২০১৯, ২২:৩৮

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি বলেছেন, বনদস্যু বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে সুন্দরবন এখন সবার জন্য নিরাপদ। যে কোনো মূল্যে পর্যটন সম্ভাবনাময় সুন্দরবনকে আমরা নিরাপদ রাখব। কেউ দস্যুবৃত্তি করতে চাইলে তার পরিণাম হবে ভয়াবহ। কাউকেই ছাড় দেওয়া হবে না। শুক্রবার সকালে বাগেরহাট স্টেডিয়ামে সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণার প্রথম বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আত্মসর্ম্পণকৃত বনদস্যুদের নামে থাকা মামলাগুলো আইনি প্রক্রিয়ার মাধ্যমে একের পর এক শেষ করা হবে।

অনুষ্ঠানে খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শামছুল হক টুকু এমপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আলহাজ ডা. মোজাম্মেল হোসেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়, সংরক্ষিত আসনের সংসদ সদস্য গ্লোরিয়া ঝর্ণা সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দীন, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণার প্রথম বার্ষিকীর অনুষ্ঠানে স্বাভাবিক জীবনে ফেরা বনদস্যুদের উপহারসামগ্রী প্রদান করা হয়।