প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে রূপগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত মাসব্যাপী অনুষ্ঠান গত বৃহস্পতিবার শেষ হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসীম উদ্দিন ৭৩ কেজি কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে ছিল আওয়ামী লীগ সরকারের আমলে দেশের উন্নয়ন, বিভিন্ন ক্ষেত্রে সুবিধাভোগীদের তথ্যাবলী, সাধারণ মানুষকে দেওয়া সেবাসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন কার্যক্রমের স্থির চিত্রের গ্যালারি ও মঠেরঘাট থেকে উপজেলা কমপ্লেক্স মসজিদ পর্যন্ত দীর্ঘ দেড় কিলোমিটার জুড়ে সড়কের দুই পাশ ঘেঁষে দেশের উন্নয়ন চিত্রের সমন্বয়ে ‘শুভদিনে সোনার বাংলার স্বপ্নকথা’ নামে এক ব্যতিক্রমধর্মী ছবির গ্যালারি। পুরো সড়কই ছিল যেন এক ছবির গ্যালারি। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ছিল দর্শনার্থীদের ভিড়। স্কুল-কলেজের শিক্ষার্থীরাও উন্নয়ন চিত্র দেখতে ভিড় করে। এছাড়া এতিমখানা ও হাসপাতালে রোগীদের মধ্যে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।
বৃহস্পতিবার উপজেলা মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. শাহজাহান ভুঁইয়া, ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, উপজেলা যুব উন্নয়ন অফিসার মাসুদ মজুমদার, উপজেলা শিক্ষা অফিসার জাহেদা আখতার, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান তারেক প্রমুখ।
