উন্নয়নকাজের বিপক্ষে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে : স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ০০:০৯

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের জোয়ার বইছে। কিন্তু সকল উন্নয়নের  বিপক্ষে ষড়যন্ত্র চলে। দেশে যদি বিশৃঙ্খলা সৃষ্টি করা যায়, তাহলে আমাদের উন্নয়ন বন্ধ হয়ে যাবে। নদী খনন বন্ধ হয়ে যাবে। স্কুল, কলেজ, রাস্তাঘাট, ব্রিজ বন্ধ হয়ে যাবে। বড়ো প্রকল্প পদ্মা ব্রিজ, মেট্রোরেল, পায়রাবন্ধের কাজ বন্ধ হয়ে যাবে। কাজেই দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্ত আছে। সকলে মিলে কাজ করলে চক্রান্তকারীদের মোকাবিলা করে দেশকে সামনের দিকে নিয়ে যাওযা যাবে।’ শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জের ধলেশ্বরী নদী পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক এস এম ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নদীর প্রাণ ফেরাতে ৬৪ জেলায় ছোটো-বড়ো নদী, খাল এবং জলাশয় পুনঃখনন প্রকল্পের কাজ হাতে নিয়েছেন। নদী খননের পর জীববৈচিত্র্য যেমন স্বাভাবিক হবে তেমনি পরিবেশের ভারসাম্য ফিরে আসবে।

মানিকগঞ্জ জেলা বিএনপির যুগ্ম

আহ্বায়কসহ গ্রেফতার দুই

মানিকগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিশসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার বিকালে তাদেরকে আদালতে প্রেরণ করে সাটুরিয়া থানা পুলিশ।পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে উপজেলার বরাইদের ফয়জুনেছা উচ্চ বিদ্যালয়ের মাঠে বিএনপি ও জামায়াত নেতাকর্মীরা ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। ঘটনার পরপরই পুলিশ ঐ মাঠ থেকে দুটি তাজা ককটেল উদ্ধার করে। তারা বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল কুদ্দুস খান মজলিশ ও স্থানীয় বিএনপিকর্মী মিজানুর রহমানকে আটক করা হয়।