ধামরাইয়ে এক মাসে ৪৫ মামলা, গ্রেফতার ১১০

আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ০০:১০

ঢাকার ধামরাইয়ে গত একমাসে মাদক আইনে ১৫টি, নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৯টিসহ বিভিন্ন অপরাধের অভিযোগে মামলা হয়েছে মোট ৪৫টি, গ্রেফতার হয়েছে ১১০ জন। গ্রেফতারকৃতদের মধ্যে ওয়ারেন্টের আসামি রয়েছে ৩৬ জন। এ ছাড়াও ওয়ারেন্ট নিষ্পত্তি হয়েছে ৭১টি। এসব তথ্য দিয়ে ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি ধামরাই থানা পুলিশ কমিউনিটি পুলিশিং নিয়ে কাজ করছে। কমিউনিটি পুলিশিং—এ ধামরাই থানার ওসি (অপারেশন) মাসুদুর রহমান ঢাকা জেলায় শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন। ঢাকা রেঞ্জে শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা হিসেবে পুরস্কার পেয়েছেন এসআই শেখ সেকান্দার আলী। তিনি আরো জানান, পুলিশের সহযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকায় পাড়ায়, মহল্লায় যুব সমাজ মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। এ ছাড়া বাল্যবিয়ে প্রতিরোধেও কাজ করছে ধামরাই থানা পুলিশ।