সাভারে অস্ত্র, গুলি ও মাদকসহ সাভার সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুব আলী প্লাবনকে (২০) গ্রেফতার করেছে র্যাব। বুধবার গভীর রাতে পৌর এলাকার দক্ষিণপাড়া মহল্লায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় র্যাব সদস্যরা তার রুমে তল্লাশি চালিয়ে একটি গুলিভর্তি শ্যুটারগান ও ৫০০ পিস ইয়াবা উদ্ধার করে। সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে র্যাব।
র্যাবের এসআই কাউসার মাদবর জানান, প্লাবন একজন ইয়াবাসেবী ও ব্যবসায়ী। তার বাসায় ইয়াবার বড়ো চালান মজুত রয়েছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১ রাউন্ড গুলিভর্তি একটি শ্যুটার গান ও ৫০০ পিস ইয়াবা উদ্ধার এবং ১ লাখ পিস ইয়াবা বিক্রির হিসাব সংবলিত ১৫ পৃষ্ঠার একটি খাতা জব্দ করা হয়। র্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার নরেশ চামকা জানান, সাভার মডেল থানার পাশেই দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল সাভার কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শীর্ষ মাদক ব্যবসায়ী প্লাবন। এর আগেও এ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে। গতকাল তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় সাভার মডেল থানায় আরো একটি মামলা হয়েছে। এদিকে গঠনতন্ত্র পরিপন্থি কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের পদ থেকে প্লাবনকে অব্যাহতি প্রদান করা হয়েছে। ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
