মেননের ওয়ার্কার্স পার্টির দশম কংগ্রেস শুরু আজ বিদ্রোহীদের ২৯ নভেম্বর

আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ০০:২৭

দলে টালমাটাল পরিস্থিতির মধ্যেই আজ শনিবার দশম কংগ্রেস শুরু হতে যাচ্ছে রাশেদ খান মেননের নেতৃত্বাধীন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির। ২ থেকে ৫ নভেম্বর পর্যন্ত এই কংগ্রেসের আজ বেলা ১১টায় রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ-আইইবি মিলনায়তনে উদ্বোধন করবেন দলের সভাপতি মেনন।

অন্যদিকে, দলের বর্তমান নেতৃত্বের প্রতি আদর্শচ্যুতির অভিযোগ তুলে বিদ্রোহ করা ওয়ার্কার্স পার্টির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম পলিটব্যুরোর দুই সদস্যসহ কেন্দ্রীয় কমিটির ছয় নেতা আগামী ২৯ নভেম্বর পৃথক সম্মেলন ডেকেছেন। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই ছয় নেতা আজ থেকে শুরু হওয়া কংগ্রেস বর্জনের এবং ২৯ নভেম্বরের কংগ্রেস সফল করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

পৃথক কংগ্রেস ডাকা ছয় জনের এরই মধ্যে কংগ্রেসে প্রতিনিধিত্ব বাতিল করেছে ওয়ার্কার্স পার্টি। এই ছয় জন হলেন— পলিটব্যুরোর সদস্য নুরুল হাসান ও ইকবাল কবির জাহিদ এবং দলের কেন্দ্রীয় কমিটির সদস্য জাকির হোসেন, মোফাজ্জেল হোসেন, অনিল বিশ্বাস ও তুষার কান্তি দাস। গত সোমবার এক বিবৃতিতে এই ছয় জন কংগ্রেস বর্জনের ঘোষণা দেন। এর আগে গত ২২ অক্টোবর ওয়ার্কার্স পার্টি থেকে পদত্যাগ করেন দলের সাবেক সাধারণ সম্পাদক ও পলিটব্যুরোর সদস বিমল বিশ্বাস। চার দিন পর তাকে দল থেকে বহিষ্কার দেখায় ওয়ার্কার্স পার্টি।