দেশে বেকারের সংখ্যা বাড়লেও কর্মক্ষেত্র বাড়ছে না ----------------জি এম কাদের

আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ০০:২৮

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, দেশে বেকার যুবকের সংখ্যা ৫ কোটি ছাড়িয়ে গেছে। প্রতি বছরই এই সংখ্যা বাড়ছে প্রায় ১৭ লাখ। কিন্তু কাজের ক্ষেত্র বাড়ছে না। ফলে হতাশাগ্রস্ত হয়ে যুবসমাজ মাদকাসক্ত হয়ে পড়ছে। আবার মাদকের টাকা জোগাড় করতে বেকার যুবকরা অনৈতিক ও অসামাজিক এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে হবে। যাতে শিক্ষা শেষে যুবকরা কাজে যোগ দিতে পারে। এ ব্যাপারে সরকারকে কর্মমুখী বড়ো বড়ো প্রকল্প হাতে নিতে হবে। জাতীয় যুব দিবস উপলক্ষ্যে গতকাল শুক্রবার রাজধানীর কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয় চত্বরে জাতীয় যুবসংহতি আয়োজিত শোভাযাত্রাপূর্ব যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জাপার প্রেসিডিয়াম সদস্য ও যুবসংহতির সভাপতি আলমগীর সিকদার লোটনের সভাপতিত্বে  এবং সাধারণ সম্পাদক ফকরুল আহসান শাহজাদার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন—জাপার প্রেসিডিয়াম সদস্য ও দলের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, অধ্যাপিকা মাসুদা এম রশীদ  চৌধুরী এমপি, এস এম ফয়সল চিশতী, অ্যাড. রেজাউল ইসলাম ভুঁইয়া, নাজমা আক্তার এমপি প্রমুখ।

উন্নয়নের প্রধান অন্তরায় দুর্নীতি: খোকা

এদিকে, গতকাল জাপার কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির এক সভায় সংগঠনের সভাপতি  ও জাপার কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি বলেছেন, দেশের উন্নয়ন-অগ্রযাত্রায় প্রধান অন্তরায় দুর্নীতি। দেশকে দুর্নীতিমুক্ত রাখতে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে অতীতের ন্যায় আগামীতেও জাপা এ সরকারের পাশে থাকবে। সভায় আগামী ৭ ডিসেম্বর স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।