৪০ হাজার ইয়াবাসহ পিতা-পুত্র গ্রেপ্তার

আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ১৪:১৯

পটুয়াখালীর কলাপাড়ার চাকাইয়া ইউনিয়নের নেওয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ পিতা-পুত্রকে গ্রেপ্তার করছে পুলিশ।

আজ শনিবার ভোরে কলাপাড়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ইউসুফ তালুকদার (৭০) এবং তার পুত্র আলমাস তালুকদারকে (৪৬) গ্রেপ্তার করে। তবে পরিবারটির মাদক ব্যবসার মূল হোতা ছোট ছেলে বনি আমীন তালুকদারকে (২৭) গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে এ চক্রটি ইয়াবা ব্যবসা চালিয়ে আসছে। শুক্রবার রাতে পুলিশ ক্রেতা সেজে প্রথমে ইয়াবার একটি চালান বের করার পর তাদের আটক করেন।

কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহম্মদ আলী সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৪০ হাজার পিচ ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। তবে ইয়াবা ব্যবসার মূল হোতা বনি আমিন পালিয়ে যায়। তাকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

ইত্তেফাক/এমআর