বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার জন্য দেশ বাসীর কাছে দোয়া চেয়েছেন তার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
ইশরাক হোসেন দেশবাসীর কাছে তার বাবার জন্য দোয়া চেয়ে শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন- ‘মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত আমার বাবা সাবেক সংসদ সদস্য, মন্ত্রী ও অবিভক্ত ঢাকার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন আছেন। দেশবাসীর কাছে ওনার সুস্থতা কামনা করে দোয়া চাচ্ছি। ’
ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা নিউইয়র্কের ম্যানহাটনের মেমোরিয়াল স্লোন ক্যাটারিং ক্যান্সার সেন্টারে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা পরিবর্তনের আশা ছেড়ে দিয়েছেন চিকিৎসকরা।
হাসপাতালে খোকার পাশে আগে থেকেই আছেন তার স্ত্রী ইসমত হোসেন, মেয়ে সারিকা সাদেক, ছেলে ইশফাক হোসেন।
আরো পড়ুন : ‘দুর্নীতি নিয়ে কথা বলা বিএনপি নেতাদের মুখে শোভা পায় না’
উল্লেখ্য, রাজধানীর বনানী সুপার মার্কেটের কার পার্কিংয়ের ইজারা দুর্নীতির মামলায় ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকাসহ ৪ জনের ১০ বছর বিনাশ্রম কারাদণ্ড হয়। গত বছরের ২৮ নভেম্বর ঢাকা বিভাগীয় স্পেশাল জজ মিজানুর রহমান খান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার অনেক আগে ২০১৪ সাল থেকে চিকিৎসার জন্য সাদেক হোসেন খোকা সপরিবারে নিউইয়র্কে অবস্থান করছেন।
ইত্তেফাক/ইউবি
