‘ক্যারিয়ারে সব সিনেমা তো সফল হবে না’

আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ২০:১৮

বিনোদন ডেস্ক

 

 

বলিউড ক্যারিয়ারে খুব বড় বাজেটের কোনো সিনেমা দিয়ে জনপ্রিয়তা পেতে হয়নি কৃতি শ্যাননকে। যদিও পরবর্তীতে বেশ বড় পরিসরের সিনেমায় দেখা গেছে তাকে। সম্প্রতি তেমনই একটি সিনেমা মুক্তি পেয়েছে তার। ‘হাউউফুল’ সিরিজের চতুর্থ কিস্তিতে দেখা গেছে তাকে। যেখানে তার সঙ্গে বলিউডের অনেক বড় তারকারা অভিনয় করেছেন। সিনেমাটি মুক্তির আগে বেশ হৈচৈ হলেও মুক্তির পর যেন হতাশার কথাই ব্যক্ত করেছেন বেশিরভাগ দর্শক। বক্স অফিসে সিনেমার সফলতা আলোচিত হলেও সিনেমার গল্প নিয়ে হতাশা রয়েছে। কমেডি সিনেমার মধ্যে ‘হাউজফুল’ দর্শকদের অন্যতম আগ্রহের জায়গা। তাই এই সিনেমা নিয়ে প্রত্যাশাও বেশি।

মুক্তির কয়েকদিনের মধ্যে শত কোটির ক্লাবে সিনেমাটি যাওয়া ছাড়াও রিভিউ বেশ ইতিবাচক। ক্যারিয়ারের এমন উঠতি সময়ে এসে এমন একটি সিনেমা কতটুকু প্রভাব ফেলবে সেই প্রসঙ্গে ভারতের গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাত্কারে কৃতি বলেন, ‘একজন অভিনেত্রীর ক্যারিয়ারে সব সিনেমা তো সফল হবে না। আমার কাছে সিনেমার সফলতার চেয়েও অভিজ্ঞতাটা অনেক জরুরি। হাউজফুল ৪ আমার ক্যারিয়ারে অন্যতম একটি সিনেমা। যার কথা আমার মনে থাকবে। কারণ এখানে আমি যাদের সঙ্গে কাজ করেছি সেটি আমার জন্য অনেক বড় অভিজ্ঞতা। সিনেমা দর্শকদের ভালোলাগা বা খারাপ লাগা বিষয়টি স্বাভাবিক।’ ‘হাউজফুল ৪’ সিনেমার পর আবারো কৃতিকে দেখা যাবে অক্ষয়ের সঙ্গে।  নতুন একটি সিনেমায় জুটি বাঁধবেন তারা।

চলতি সময়ে অক্ষয় তার আরো দুটি সিনেমা নিয়ে ব্যস্ত থাকায় এ বছর শুরু হচ্ছে না সিনেমাটির শুটিং। তাই আগামীবছরের ফেব্রুয়ারিতে এই নতুন সিনেমার শুটিং শুরু হতে যাচ্ছে।

জানা যায়, নতুন এই সিনেমাটির পরিকল্পনা অনেকটাই ভিন্ন। আর এখানে ভিন্ন এক কৃতিকে দেখবেন দর্শকরা। বেশ কয়েকটি অ্যাকশন দৃশ্যে দেখা যাবে কৃতিকে। কৃতি বলেন, ‘চূড়ান্ত পরিকল্পনা এখনও করা হয়নি। তবে সিনেমাটি আমি করছি। এখন পর্যন্ত যতটুকু জেনেছি নতুন এক চরিত্রে আমাকে দেখতে যাচ্ছেন ভক্তরা। এই কাজটি আমি সবসময় করি। নিজের ইমেজ ভাঙার মাধ্যমে অভিনয়ের মধ্যে চ্যালেঞ্জটা আমি খুঁজে পাই। আর অক্ষয় কুমারের সঙ্গে আবারো কাজ করতে যাচ্ছি এটিও বেশ আনন্দের বিষয়।’

উল্লেখ্য, কৃতি বর্তমানে রাজস্থানে ফটোশুট নিয়ে ব্যস্ত আছেন।