চাপ

আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ২১:০৭

স. ম. শামসুল আলম

 

দিন যত যায় নেই অবসর

থাকি সারাক্ষণ কাজের ভেতর

কাজ কাজ করে মাথাও থাকে না ঠিক তো

কী কাজ করি তা বলব কী আর

চাপ দেখি অতিরিক্ত।

 

অফিসের চাপ পরিবারে চাপ

চাপের কারণে বুকে উত্তাপ

দুদকের চাপে দেহ মন ঘেমে সিক্ত

লেনদেন নিয়ে করি লাফালাফি

চাপ পড়ে অতিরিক্ত।

 

ফ্লাট-জমি কিনি শাশুড়ির নামে

তারপরও দেখি কলিজাটা ঘামে

শুল্ক মূসক সবকিছু হয় তিক্ত

কোথায় কত কী দেব কী দেব না

চাপ থাকে অতিরিক্ত।

 

ডলার পাউন্ড জমা ভিন দেশে

স্বস্তি পাই না তবু কেন শেষে

কোন দিকে যাব হারিয়ে ফেলি দিক তো

মাথার ভেতর ঘিলু নড়ে শুধু

চাপ বুঝি অতিরিক্ত।