যুব টেস্ট শাহীন আলমের সাত উইকেট

আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ২১:২১

স্পোর্টস রিপোর্টার

বৃষ্টির বাগড়ায় বরিশালে প্রথম চার দিনের ম্যাচটি ড্র হয়েছিল। খুলনায় বাংলাদেশ-শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের মধ্যকার দ্বিতীয় চার দিনের ম্যাচটি গতকাল শুরু হয়েছে। ডানহাতি পেসার শাহীন আলমের বোলিংয়ে প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে বাংলাদেশ যুব দল। ৬২ রানে ৭ উইকেট নিয়েছেন এই যুবা।

গতকাল তার বোলিং তোপে শ্রীলঙ্কা যুব দলের প্রথম ইনিংস গুটিয়ে গেছে ১৮৪ রানে। শেষ বিকালে ২ উইকেটে ৭১ রান তুলেছে স্বাগতিকরা। প্রান্তিক নওরোজ ২৮ ও আলভি হক আট রানে ব্যাট করছেন। এখনও ১১৩ রানে পিছিয়ে আছে বাংলাদেশের যুবারা।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশের বোলিং করার সিদ্ধান্তটা সঠিক প্রমাণ করেন বোলাররা। শাহীন আলম একাই ধসিয়ে দিয়েছেন লঙ্কানদের ব্যাটিং লাইন। এছাড়া রুহিত ২টি, মেহেদী হাসান ১টি উইকেট নেন। সফরকারীদের পক্ষে বিক্রমাসিংহে ৭৩, কাভিশা লক্ষণ ৪৭, নিপুণ ধনঞ্জয়া ২৯, দুনিথ ১৭ রান করেন।

প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৪৮ রানে ২ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ যুব দল। সাজিদ হোসেন ২৬, প্রীতম কুমার ছয় রান করে আউট হন। লঙ্কানদের পক্ষে বিক্রমাসিংহে ২টি উইকেট নেন।