টি-টোয়েন্টি সিরিজ শেষ ডেনলির

আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ২১:২১

গোড়ালির চোট নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে দিয়েছে ইংলিশ ওপেনার জো ডেনলিকে। এ কারণেই গত শুক্রবার সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারেননি তিনি। কেন্টের ৩৩ বছর বয়সি এই ব্যাটসম্যান গত বৃহস্পতিবার অনুশীলনে ডান পায়ের লিগামেন্টে আঘাত পান। তবে ইংল্যান্ড এখনই তার বদলি হিসেবে কোনো খেলোয়াড়কে নিউজিল্যান্ডে উড়িয়ে নিচ্ছে না। ডানহাতি এই ব্যাটসম্যান নিউজিল্যান্ডে থেকেই পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন, ফিট থাকলে আগামী ২১ নভেম্বর মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের প্রথম টেস্টে দলে ফিরবেন তিনি। ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ সকালে মাঠে নামবে ইংল্যান্ড। প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক নিউজিল্যান্ডকে সাত উইকেটে হারিয়েছিল দলটি।