মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধ পরিকর :গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী

আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ২১:৩০

 স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম বলেছেন, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার বদ্ধপরিকর। জাতির জনকের সুযোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে ক্ষমতায় এসে প্রথমেই স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করেন। বর্তমান সরকার প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সের প্রয়োজনীয় সামগ্রী প্রদানের জন্য বৃহত্ কর্মসূচি গ্রহণ করেছে। এজন্য চাই সুষ্ঠু ব্যবস্থাপনা। স্বাস্থ্যখাতে কোনো প্রকার অনিয়ম-দুর্নীতি সহ্য করা হবে না। তিনি শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভায় এসব কথা বলেন। সভায় বক্তব্য রাখেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর সিকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম মুইদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মো. নজরুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা মো. ইব্রাহিম খলিল প্রমুখ। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. ফারুক আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, ইউএনও সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, পৌর মেয়র গোলাম কবির, ওসি মো. কামরুজ্জামান তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. আব্দুল হামিদ প্রমুখ উপস্থিত ছিলেন। মন্ত্রী এর আগে স্বরূপকাঠি পৌর গোরস্থান ও শ্মশান ঘাটের উদ্বোধন করেন। সবশেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন।