চট্টগ্রামে অস্ত্রসহ গ্রেফতার ১১

আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ২১:৪২

চটগ্রাম অফিস

চট্টগ্রামে অস্ত্রসহ ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোরে নগরীর টাইগারপাস এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা পেশাদার অপরাধী বলে পুলিশ দাবি করছে।

তাদের কাছ থেকে দুইটি এলজি, দুই রাউন্ড কার্তুজ, আটটি ধারালো ছুরি, দরজা-জানালা কাটার সরঞ্জাম, একটি প্রাইভেট কার, একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় অস্ত্র ও ডাকাতির প্রস্তুতির দুইটি মামলা দায়ের করা হয়েছে। জিঞ্জাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে বলে পুলিশ কর্মকর্তা কামরুজ্জামান জানিয়েছেন।

কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মো. কামরুজ্জামান জানান, শ্রমিক বেশে পিকআপে করে রাতে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করে তারা। সুযোগ বুঝে গাড়ি আটকে ছিনতাই করে। রিকশা অথবা সিএনজি অটোরিকশার যাত্রী পেলে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই করে।