পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ার নেওয়াপাড়া গ্রাম থেকে ৪০ হাজার পিস ইয়াবাসহ বাবা-ছেলেকে গ্রেফতার করেছে কলাপাড়া থানাপুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার ভোররাতে পুলিশ ইউসুফ তালুকদারের ঘরের খাটের নিচের মাটি খুঁড়ে এই পরিমাণ ইয়াবা উদ্ধার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল ইয়াবা কারবারি বনি আমিন পালিয়ে যায়।
গ্রেফতারকৃতরা হলো—মো. ইউসুফ তালুকদার (৭০) ও তার ছেলে আলমাস তালুকদার (৪৩)।
পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়া থানা পুলিশ ক্রেতা সেজে চাকামইয়া ইউনিয়নের নেওয়াপাড়ার বাসিন্দা ইউছুফ তালুকদারের কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে তার ছেলে আলমাস তালুকদারের ঘর থেকে আরো ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্যানুযায়ী ইউসুফ তালুকদারের বসতঘরের মাটি খুঁড়ে স্কচটেপ দিয়ে প্যাঁচানো আরো ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, এ ঘটনায় কলাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। ইয়াবাগুলোর আনুমানিক মূল্য ১ কোটি ২০ হাজার টাকা।
