সাপাহারে ভুয়া জেডিসি পরীক্ষার্থীকে দণ্ড

আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ২১:৪৩

সাপাহার (নওগাঁ) সংবাদদাতা

সাপাহারে উপজেলা সদরের শরফতুল্লাহ ফাজিল মাদ্রাসার জেডিসি পরীক্ষা কেন্দ্র থেকে শনিবার এক ভুয়া পরীক্ষার্থীকে আটক করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভুয়া ঐ পরীক্ষার্থী উপজেলার জয়দেবপুর সুটকিডাঙ্গা গ্রামের মো. দুরুল হোদার ছেলে ও সাপাহার সরকারি ডিগ্রি কলেজের ছাত্র মনিরুল ইসলাম।

উপজেলার জয়দেবপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার জেডিসি পরীক্ষার্থীর সংখ্যা কম হওয়ায় সংখ্যা বাড়াতে মাদ্রাসা কর্তৃপক্ষ এ ব্যবস্থা নেয়। পরীক্ষা চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী ভূমি কমিশনার (এসিল্যান্ড) মো. সোহরাব আলী ঐ কেন্দ্র থেকে তাকে আটক ও পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিনের কারাদণ্ড দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কল্যান চৌধুরী বলেন, বর্তমানে পরীক্ষার্থীকে সাজা দেওয়া হলেও মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে।