বিজয়নগর (ব্রাহ্মণাবড়িয়া) সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল শনিবার দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। সংঘর্ষ থামাতে পুলিশ অর্ধশতাধিক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার হরষপুর ইউনিয়নে বুল্লা গ্রামের হুগলি বিল ইজারা ও মাছ ধরাকে কেন্দ্র করে বিবাদে জড়িয়ে পড়ে দুইটি পক্ষ। শনিবার সকাল ১০টায় বুল্লা গ্রামের মসজিদের মাইকে সাবেক মেম্বার ফুল মিয়া ও কাওছার মেম্বারের লোকজন পাইকপড়া গ্রামে হামলা চালানোর ঘোষণা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় পুলিশসহ কমপক্ষে ১৫ জন আহত হয়।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়জুল আজিম নোমান জানান, সাবেক মেম্বার ফুল মিয়া ও তার ছেলে কাওছার মেম্বারের লোকজন অবৈধভাবে বিল দখল করতে কয়েকদিন ধরে এলাকায় ঝগড়া-ফ্যাসাদ সৃষ্টি করে। এনিয়ে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে মীমাংসার চেষ্টাও চলছিল এবং পাইকপাড়া, হাজিপুর ও হাতুরীপাড়া গ্রামের কাসেম মেম্বার ও রাজু সরদারের লোকজন প্রশাসনের কথা শুনে চুপ থাকলেও বুল্লা গ্রামের কাওছার মেম্বাররা না মেনে গোলমাল সৃষ্টি করছে। পুলিশ ৫০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
