কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার সদরের উপকূলীয় ইসলামপুর হয়ে দালালের মাধ্যমে মালয়েশিয়া যাবার জন্য জড়ো হওয়া ১৫ রোহিঙ্গাকে আটকের পর পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। শুক্রবার দিনগত রাত ১২টার দিকে তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। আটকদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে।
ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান খান বলেন, শুক্রবার রাত ১১টার দিকে ইসলামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাঝেরপাড়ায় সন্দেহজনকভাবে ঘুরাফেরা করছিল নারী-শিশুসহ একটি দল। গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদের আটক করে স্থানীয়রা। শনিবার দুপুরে তাদের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
