জাটকা ধরা নিষিদ্ধ আগামী আট মাস

আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ২২:৩৮

মা ইলিশ ধরার ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে উন্মুক্ত নদীতে বড়ো সাইজের ইলিশের পাশাপাশি বিপুলসংখ্যক জাটকা ধরা পড়ছে জেলেদের জালে। সরকার ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ৮ মাস জাটকা ইলিশ (১০ ইঞ্চির চেয়ে ছোটো) ধরা, পরিবহন করা এবং বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে। বিগত বছরগুলোতে মা ইলিশ ধরার নিষেধাজ্ঞার পর জাটকা ইলিশ ধরার বিরুদ্ধে ব্যাপক অভিযান পরিলক্ষিত হলেও এবছর নভেম্বরের প্রথম দুই দিনে কোনো উদ্যোগই দেখা যায়নি। মওকা পেয়ে অন্যায় জেনেও বিপুল সংখ্যায় এ জাতীয় খুদে ইলিশ ধরছে জেলেরা। তবে বিভাগীয় মত্স্য অফিসের কর্মকর্তারা শুক্র ও শনিবার সরকারি ছুটির কারণে অভিযানের শিথিলতার কথা বলছেন। আজ রবিবার থেকে অভিযান পরিচালিত হবে বলে জানিয়েছেন একাধিক কর্মকর্তা। সরেজমিনে গত দুদিন বরিশালের বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে গিয়ে দেখা গেছে বাজার জাটকায় সয়লাব। পাইকারি মত্স্য অবতরণ কেন্দে র প্রত্যেকটিতেই বিপুলসংখ্যক জাটকা বিক্রি হচ্ছে প্রকাশ্যে। এমন অপতত্পরতার মধ্যেও মত্স্য বিভাগ কিংবা প্রশাসনের কারোর দেখা মেলেনি।

বিভাগীয় মত্স্য অফিসের উপ-পরিচালক আজিজুল হক ইত্তেফাককে বলেন, রবিবার থেকে প্রত্যেক জেলা ও উপজেলায় অভিযান পরিচালিত হবে। তিনি জানান, এই ৮ মাসে ১০ ইঞ্চির চেয়ে ছোটো সাইজের ইলিশ ধরা, বিক্রি, মজুত ও পরিবহন করলে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে।

সচেতন আড়ত মালিকরা জানান, প্রশাসনের কঠোর অভিযান থাকলে এভাবে প্রতিদিন বিপুলসংখ্যক জাটকা নিধন ও বিক্রি হতে পারতো না। এভাবে জাটকা ইলিশ নিধন হতে থাকে তাহলে মৌসুমে আর ইলিশ মিলবে না। তখন লোকসানের বোঝা মাথায় নিয়ে সবাইকে বেকায়দায় পড়তে হবে। প্রশাসনের এ ঢিলেঢালা অভিযান কেবল পাইকারি ও খুচরা বাজারে নয়, নদ-নদীতেও চলছে একই রকম অবস্থা। মত্স্য অধিদপ্তরের মত্স্য কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ  দাস জানান, নিষেধাজ্ঞার প্রথম দুদিনে তেমন অভিযান পরিচালিত হয়নি। তবে ২/১ দিনের মধ্যে জোরালো অভিযানের কথা জানান তিনি। এ ব্যাপারে কোস্টগার্ড কিংবা নৌ-পুলিশের সদস্যরা মন্তব্য করতে রাজি হননি। তারা বলেন, মত্স্য বিভাগ তাদের কাছে সহযোগিতা চাইলে তারা প্রস্তুত রয়েছেন। মত্স্য ব্যবসায়ীরা অভিযোগ করেন মত্স্য বিভাগ, কোস্টগার্ড, নৌ-পুলিশ ও থানা পুলিশের সঙ্গে অসত্ জেলেদের এক ধরনের সংখ্যতা গড়ে উঠেছে। সেজন্য প্রথম দিনেই বিপুলসংখ্যক জাটকা ধরা পড়লেও তাদের গ্রেফতার করা হয়নি।