স্বাধীনতার ৪৮ বছর পর চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্তবর্তী ধোপাখালী গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে পাক-হানাদার বাহিনীর ছোঁড়া দুইটি অবিস্ফোরিত মর্টার সেল। ১৯৭১ সালে নিরীহ বাঙ্গালী ও মুক্তিযোদ্ধাদের হত্যা করতে পাক-হানাদার বাহিনীর ছোঁড়া মর্টার সেল দুইটি দীর্ঘদিন ধরে মাটির নিচে থাকলেও তা স্বয়ংক্রিয় ও তাজা ছিল বলে জানা গেছে। শনিবার বিকালে যশোর সেনানিবাসের বোমা ডিসপোজাল ইউনিটের একটি টিম মর্টার সেল দুটি ধ্বংস করে। এ সময় বিকট শব্দে এলাকা প্রকম্পিত হয়ে উঠে ও ঘটনাস্থলে ৫ ফুট ব্যাসার্ধের বিশাল গর্তের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী ও জীবননগর থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মনোহরপুর ইউনিয়নের সীমান্তবর্তী ধোপাখালী গ্রামের পশ্চিমপাড়ার মৃত গোলাম হোসেনের ছেলে নূরুদ্দিন (৫৫) তার বসতভিটার সামনের পরিত্যক্ত জমিতে নতুন একটি বাড়ি নির্মাণের জন্য শুক্রবার ভিতের মাটি খোঁড়ার কাজ শুরু করেন। বিকালে দিন মজুররা মাটির ভেতর হতে একটি অবিস্ফোরিত মর্টার সেল বের করে। খবর ছড়িয়ে পড়ার পর জীবননগর থানার একদল পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং সেখানে পাহারা বসায়।
অবিস্ফোরিত সেলটি কি অবস্থায় রয়েছে তা পরীক্ষা করার জন্য যশোর সেনা বাহিনীর বিস্ফোরক দলকে খবর দেওয়া হয়। এ সময় অপর একটি সেলেরও সন্ধান পায় আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ ধোপাখালী ব্যাপারীপাড়ার নূর আলম দফাদারের ছেলে আরিফের বাড়ি থেকে রঙ করা ওই মর্টার সেলটি উদ্ধার করে।
আরিফ জানান, পুকুর খনন কাজ করা সময় গতবছর এটি পাওয়া যায়। পরে তিনি এটি বাড়িতে নিয়ে রং করে রেখে দিয়েছিলেন।
যশোর সেনানিবাসের বোমা ডিসপোজাল ইউনিটের বিশেষজ্ঞ ক্যাপ্টেন মেহেদী হাসান রায়হানের নেতৃত্বে একদল সদস্য ঘটনা স্থলে আসেন এবং মর্টার সেল দুইটি ধ্বংস করেন। ধ্বংসের স্থলে বিশাল গর্তের সৃষ্টিসহ বিকট শব্দে মর্টার সেল দুইটি বিস্ফোরিত হয়। চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা-জীবননগর সার্কেল) আবু রাসেল, জীবননগর থানার অফিসার ইনচার্জ শেখ গণি মিয়া ও ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ এ সময় উপস্থিত ছিলেন।
স্থানীয় ইউপি সদস্য আহসান হাবিব টিপু জানান, স্বাধীনতা যুদ্ধের সময় সীমান্তবর্তী ধোপাখালী গ্রামটি মুক্তিযোদ্ধাদের ঘাঁটি ছিল। ধারণা করা হচ্ছে, ১৯৭১ সালে নিরীহ বাঙ্গালী ও মুক্তিযোদ্ধাদের লক্ষ্য করে পাকিস্তানি হানাদার বাহিনী এ মর্টার সেল ছোঁড়ে, কিন্তু সেলগুলো বিস্ফোরিত না হয়ে মাটির নিচে চলে যায়। জীবননগর থানার অফিসার ইনচার্জ শেখ গনি মিয়া সাংবাদিকদের জানান, খবর পেয়ে মর্টার সেলটির পাহারায় পুলিশ নিযুক্ত করা হয় এবং অপরটি উদ্ধার করা হয়।
ইত্তেফাক/জেডএইচডি
