মানব পাচারের অভিযোগ

ব্রাজিলে আটক বাংলাদেশি সাইফুল্লাহ আল-মামুন

আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ০০:১৩

মানব পাচারের অভিযোগে ব্রাজিলে আটক হয়েছেন বাংলাদেশে জন্ম নেওয়া সাইফুল্লাহ আল-মামুন নামের এক ব্যক্তি। তাকে বিশ্বের অন্যতম কুখ্যাত মানব পাচারকারী বলেই বিবেচনা করা হয়। যুক্তরাষ্ট্রে তার বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ রয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট সংস্থার সহযোগিতায় ব্রাজিলের পুলিশ বৃহস্পতিবার সাইফুল্লাহকে আটক করে। এ অভিযানে আরো কয়েকজন আটক হয়েছেন। সাইফুল্লাহ ব্রাজিলের সাও পাওলো শহরে বসবাস করছিলেন। এই সাও পাওলো থেকেই বেশ কয়েকজনকে আটক করা হয়। একই দিনে ব্রাজিলের আরো তিনটি শহরে মানব পাচারকারীদের ধরতে অভিযান চালায় দেশটির পুলিশ। এদের সঙ্গে সংশ্লিষ্ট ৪২টি ব্যাংক হিসাবও জব্দ করেছে পুলিশ।

সাইফুল্লাহ আল-মামুন শরণার্থী পরিচয়ে ছয় বছর আগে ব্রাজিলে যান। সাও পাওলোর ব্রাস এলাকায় পাচারের কাজ চালিয়ে যাচ্ছিলেন তিনি। ঐ এলাকায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে যাওয়া অভিবাসীরা অবস্থান করে। মার্কিন বিচার বিভাগের তথ্য অনুযায়ী, দক্ষিণ আমেরিকার দেশ পেরু, ইকুয়েডর, কলম্বিয়া, পানামা, কোস্টারিকা, নিকারাগুয়া, হন্ডুরাস, গুয়েতেমালা ও উত্তর আমেরিকার মেক্সিকোর মানব পাচারকারীদের সঙ্গে যুক্ত হয়ে সাইফুল্লাহ এই কাজ করতেন।

বাংলাদেশ ছাড়াও দক্ষিণ এশিয়ার আফগানিস্তান, ভারত, নেপাল ও পাকিস্তান থেকে সাও পাওলোতে লোকজন নিয়ে যেতেন তিনি। ব্রাজিল পুলিশের তথ্য অনুযায়ী, সাও পাওলো থেকে আন্তর্জাতিক চক্রের সহায়তায় মধ্য আমেরিকা হয়ে মেক্সিকোর সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে মানুষ পাচার করতেন সাইফুল্লাহ। এজন্য প্রত্যেকের কাছ থেকে ১২ হাজার ডলারের বেশি অর্থ আদায় করতেন তিনি।