মাদককে ‘না’ বলার আহ্বান জানিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেছেন, পাঁচ বছর আগে মাদক নিলেও মাদকসেবীদের সরকারি চাকরির সুযোগ নেই। আমাদের এমন প্রযুক্তি আছে যে ডোপ টেস্টে ধরা পড়তেই হবে। গতকাল শনিবার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও র্যাগিংবিরোধী এক সমাবেশে তিনি একথা বলেন।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক কৃষিবিদ মীর শহীদুল ইসলাম, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষিবিদ মোহাম্মদ শফিকুল ইসলাম। ঢাকা মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) মো. আনিসুর রহমান, উপ-পুলিশ কমিশনার (তেজগাঁও বিভাগ) বিপ্লব বিজয় তালুকদার, শেকৃবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল হক বেগ। অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন শেকৃবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সেকেন্দার আলী।
আবরার ফাহাদ হত্যার চার্জশিট প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, ‘আগামী সপ্তাহের কয়েক দিন পরেই চূড়ান্ত চার্জশিট জমা দেওয়া হবে। ধানমন্ডির জোড়া খুন প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, ঘটনার তদন্ত চলছে। খুনের আসল রহস্য দ্রুতই বের করা হবে। আমরা অনেক দূর এগিয়ে গেছি।
