যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্তের শুনানি টেলিভিশনে সম্প্রচার করবেন ডেমোক্র্যাটরা। রাজনৈতিক সুবিধা পেতে তারা এমন সিদ্ধান্ত নিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে তদন্ত কমিটিতে সাক্ষ্য দিতে অস্বীকার করেছেন ট্রাম্পের জ্বালানিমন্ত্রী। আর প্রেসিডেন্ট ট্রাম্প নতুন স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগ দিয়েছেন। তিনি জানিয়েছেন, আইএসের নতুন প্রধান সম্পর্কে সব জানে যুক্তরাষ্ট্র। —খবর রয়টার্স ও বিবিসির
টিভিতে সম্প্রচারং
ডেমোক্র্যাটরা এতদিন শুনানি করেছেন গোপন কক্ষে। রিপাবলিকানরা এর সমালোচনা করে আসছেন। কিন্তু হঠাত্ করেই বড় ধরনের পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছেন ডেমোক্র্যাটরা। সিনিয়র ডেমোক্র্যাটরা মনে করছেন, শুনানি টেলিভিশনে সম্প্রচার করলে নিরপেক্ষ ভোটারদের মধ্যে তদন্তের ব্যাপারে বিশ্বাসযোগ্যতা বাড়বে। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটাররা তাদের পক্ষে আসবেন। বিশ্লেষকরা মনে করছেন, তদন্ত ডেমোক্র্যাট এবং রিপাবলিকান উভয়ের জন্য ঝুঁকি। তাই তারা যতোটা সম্ভব সেই ঝুঁকি হ্রাসের চেষ্টা করছেন। বিশেষ করে ডেমোক্র্যাটদের যেহেতু এই ঝুঁকি বেশি তাই তারা শুনানি সম্প্রচারের মাধ্যমে দেখানোর চেষ্টা করবেন যে, প্রেসিডেন্ট ট্রাম্প রাজনৈতিক প্রতিপক্ষ জো বাইডেনকে ঘায়েল করতে ইউক্রেনকে সামরিক সহায়তা বন্ধের হুমকি দিয়েছিলেন। এদিকে মার্কিন জ্বালানিমন্ত্রী রিক পেরির আগামী সপ্তাহে ডেমোক্র্যাটদের কমিটিতে সাক্ষ্য দেওয়ার কথা থাকলেও তিনি সাক্ষ্য দেবেন না বলে জানিয়েছেন।
নতুন স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ঘোষণা
শুক্রবার হোয়াইট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কর্মকর্তা চাদ উলফ ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। গত মাসে কেভিন ম্যাকআলিনানের পদত্যাগের পর কাউকে নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হচ্ছিল না। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইটার বার্তায় বলেছেন, আইএসের নতুন প্রধান সম্পর্কে সব জানে যুক্তরাষ্ট্র। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।
