তালায় দুই মাংস ব্যবসায়ীকে ৬ মাসের সাজা

আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ১২:৩৫

সাতক্ষীরার তালায়  রুগ্ন ও অসুস্থ গরু জবাই করার উদ্দেশে নিয়ে যাওযার অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে ৬ মাসের সাজা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতে। রবিবার সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন এ সাজা প্রদান করেন।

সাজাপ্রাপ্তরা হলেন, তালা উপজেলার মিঠাবাড়ি গ্রামের মৃত নকিম উদ্দীনের ছেলে আঃ হান্নান শেখ (৩৫) ও  আলীপুরের পাঁচপাড়া গ্রামের আঃ বারী খাঁর ছেলে আঃ রহমান (৪০)।

আরও পড়ুন: কোটালীপাড়ায় বিদ্যুৎপৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

জানা যায়, গরু ব্যবসায়ী আঃ হান্নান শেখ ও  আঃ রহমান রবিবার ভোরে রুগ্ন ও অসুস্থ গরু জবাই করার উদ্দেশে ডুমুরিয়া উপজেলার আঠারোমাইল বাজারে নিয়ে যাচ্ছিল। এ সময় খবর পেয়ে জাতপুর ক্যাম্প ইনচার্জ এসআই সাহিদুর রহমান শুভাষিণী বাজার থেকে গরুসহ তাদেরকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তালা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হোসেন ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫২/৫৩ ধারা মোতাবেক তাদেরকে ৬ মাসের  সাজা প্রদান করেন।
 
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/এমআরএম