শনিবারই শাহরুখ খানের ৫৪তম জন্মদিন গিয়েছে। অগুনতি ভক্তদের পাশাপাশি শুভেচ্ছার বন্যা বয়েছে বি-টাউনেও। টুইট করে বা ভিডিও পোস্ট করে কিং খানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের কলাকুশলীরা। অনেকেই ফোনও করেছিলেন শাহরুখকে। তবে, লাগাতার ফোন বাজতে থাকায় সকলের কল রিসিভ করতে পারেননি বাদশা। আর তাতেই যেন একটু রেগে গিয়েছেন সালমান খান। ইনস্টাগ্রামে সঙ্গী কলাকুশলীদের সঙ্গে ভিডিও করে শাহরুখকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাই দেখালেন মধুর রাগ।
শনিবার রাতে হায়দ্রাবাদ থেকেই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শাহরুখকে ভিডিওর মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানান সালমান খান। এ সময় তার সঙ্গে ছিলেন সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফার্নান্ডেজ, ডেইজি শাহ, আয়ুষ শর্মা এবং সোহেইল খানের মতো বলিউডের অভিনেতা-অভিনেত্রীরা। সকল মিলে হ্যাপি বার্থ ডে গেয়ে শাহরুখকে শুভেচ্ছা জানালেন ভিডিওতে। ভিডিওর শেষে শাহরুখের মতো হাত ছড়িয়ে পোজ দিতেও দেখা গেল সকলকে।
সব শেষে সালমান বললেন, ‘আরে আমার ফোনটা তো ধরতে পারতে!’ মধুর রাগ দেখালেন ভাইজান। সকলে বেশ মজাই পেলেন সালমানের কথায়। হাসির রোল উঠলো ঘরে। সালমানের কথার সমর্থনও করলেন তারা।
আরো পড়ুন: মাদরাসা শিক্ষকের পিটুনিতে ৭ বছরের ছাত্রের মৃত্যু
সালমানের পোস্টের রিপ্লাইও করলেন শাহরুখ। লিখেছেন, ‘ধন্যবাদ ভাই! তোমাকে আজ খুব মিস করেছি। লাভ ইউ, শুভেচ্ছার জন্য ধন্যবাদ। তাড়াতাড়ি ফিরে এসো যাতে তোমার থেকে একটা হাগ পেতে পারি।’
ইত্তেফাক/বিএএফ
