ইত্তেফাক রিপোর্ট
সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সবকটি মূল্যসূচক বেড়েছে। তবে দুই বাজারেই কমেছে লেনদেনের পরিমাণ। গতকাল ডিএসইতে মোট ৩৫২টি কোম্পানির ১১ কোটি ৬৮ লাখ ৮৬ হাজার ৭০১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ৩২৫ কোটি ৯৭ লাখ ৮৪ হাজার টাকা। এর আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৪০৫ কোটি টাকার। অক্টোবর মাস জুড়েই পুঁজিবাজারে সূচক রেকর্ড কমেছে। গত বৃহস্পতিবার লেনদেন বাড়লেও আবার গতকাল কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২৯ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭১২ পয়েন্ট, ডিএস-৩০ মূল্যসূচক ১০ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৩৮ দশমিক ৩৬ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহসূচক ৭ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে ১ হাজার ০৮৩ দশমিক ১৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৯০টির, কমেছে ১২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ার।
লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোম্পানি হলো—ন্যাশনাল টিউবস, নরদার্ন জুট, সোনারবাংলা ইনসিওরেন্স, সুহূদ ইন্ডা., স্টাইল ক্র্যাফট, ফরচুন সুজ, ফার্মা এইড, মুন্নু স্টাফলার ও প্রিমিয়ার ব্যাংক। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো—হাক্কানী পাল্প, জাহিন স্পিনিং, অ্যাপোলো ইস্পাত, গোল্ডেন হারভেস্ট, সেন্ট্রাল ফার্মা, প্রিমিয়ার লিজিং, মার্কেন্টাইল ইনসিওরেন্স, আমরা নেট, সাফকো স্পিনিং ও আরএসআরএম স্টিল। অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো—ফার্স্ট ফাইন্যান্স, মেঘনা পেট, নরদার্ন জুট, স্ট্যান্ডার্ড সিরামিকস, মেঘনা কন্ডেন্সড মিল্ক, লিগেসী ফুটওয়্যার, স্টাইল ক্র্যাফট, এমারেল্ড অয়েল, মুন্নু স্টাফলার ও জেএমআই সিরিঞ্জ।
এদিকে গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩০০ পয়েন্টে। গতকাল সিএসইতে লেনদেন হয়েছে ১৫ কোটি ২২ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৫১ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৬৪টির, কমেছে ৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির শেয়ার দর।
