৩ সেকেন্ড সময় নেন বিরাট!

আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ২১:১০

 স্পোর্টস ডেস্ক

দিবারাত্রির টেস্টের প্রস্তাবে রাজি হতে নাকি মাত্র তিন সেকেন্ড সময় নেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। সবার আগে এই চিন্তাটি মাথায় এসেছিল দেশটির ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলির। আর সৌরভের প্রস্তাবে মুহূর্তেই রাজি হয়ে যান বিরাট।

অনেক দিন যাবত্ দিবারাত্রির টেস্ট থেকে মুখ সরিয়ে রেখেছিল ভারত। তবে, একটু দেরিতে হলেও সেই অচলাবস্থা কেটেছে। আগামী ২২ নভেম্বর ইডেন গার্ডেন্সে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আর এই ম্যাচ দিয়েই দিবারাত্রির টেস্টের যুগে প্রবেশ করবে দুদল।

সৌরভ গাঙ্গুলি মনে করেন, টেস্ট ক্রিকেটে দর্শক ফেরানোর প্রথম ধাপ হলো দিবারাত্রির টেস্ট। সাবেক আম্পায়ার সাইমন টাফেলকে নিয়ে সাংবাদিক ও ক্রিকেট বিশ্লেষক বোড়িয়া মজুমদারের লেখা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসে শনিবার সৌরভ আরো বলেন, ‘আমি জানি না আগে কী হয়েছে, তবে বিরাট এবার দিবারাত্রির টেস্টের ব্যাপারে খুবই আগ্রহী ছিল। প্রস্তাবে রাজি হতে মাত্র তিন সেকেন্ড সময় নেয় সে। জীবন পালটে যাচ্ছে, সমাজ পালটাচ্ছে। আমাদেরও কিছু পরিবর্তন চেষ্টা করে দেখা উচিত।’

সৌরভের সাথে একমত পোষণ করেন শ্রদ্ধাভাজন আম্পায়ার টাফেলও। তিনি বলেন, ‘মাঝেমধ্যে আমাদের ভিন্ন কোনো কিছু চেষ্টা করে দেখতে হয়। কাজে লাগবে কি লাগবে না, সেটা চেষ্টা করার আগে কোনোভাবেই বোঝা যাবে না।’

আগামী ১৪ নভেম্বর দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই সিরিজ দিয়েই আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের যুগে প্রবেশ করবে বাংলাদেশ দল। প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ইন্দোরের হোলকার ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২২ নভেম্বর, কলকাতার খ্যাতনামা ইডেন গার্ডেন্সে।

এই ইডেন টেস্টকে সামনে রেখে বেশ কিছু পরিকল্পনাও হাতে নিয়েছে বিসিসিআই। এই টেস্ট দেখতে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তার সঙ্গে থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ফলে, কূটনৈতিক দৃষ্টিকোণ থেকেও ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ।

২০০০ সালের নভেম্বরে দেশের ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচটায় বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল ভারতকে। আবার দলটির অধিনায়কও ছিলেন এই গাঙ্গুলি। ইডেন টেস্ট দেখতে সেই ম্যাচে খেলা দুদলের সবাইকেও আমন্ত্রণ জানাবে বিসিসিআই। ম্যাচ শেষে তাদের দেওয়া হবে সংবর্ধনা।