ভিএআরে ক্ষোভ লিভারপুলের

আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ২১:১১

 স্পোর্টস ডেস্ক

অ্যাস্টন ভিলার বিপক্ষে তখন এক গোলে পিছিয়ে লিভারপুল। সাদিও মানের ক্রসে দারুণ এক প্রয়াসে রবার্তো ফিরমিনো বল জালে জড়ালেও অফসাইডের খড়গে তা বাতিল হয়। পরে ম্যাচটা ২-১ গোলে জিতলেও লিভারপুল কোচ য়ুর্গেন ক্লপকে চটিয়েছে অফসাইডের সিদ্ধান্তটি। দিনের পরের ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নে ম্যানচেস্টার সিটিও একই ব্যবধানে হারিয়েছে সাউদাম্পটনকে।

গত শনিবার প্রতিপক্ষের মাঠে ম্যাচের ১৪ মিনিটে মাহমুদ হাসান ত্রেজেগের গোলে পিছিয়ে পড়ে লিভারপুল। মাঝে ফিরমিনোর গোলটি বাতিল হয়। এরপর সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মৌসুমের প্রথম হার লিভারপুলকে চোখ রাঙানি দিচ্ছিল। তবে ৮৭ মিনিটে অ্যান্ড্রু রবার্টসন আর যোগ করা সময়ে সাদিও মানের লক্ষ্যভেদে কোনোক্রমে রক্ষা মেলে তাদের।

তবে কোচ ক্লপের ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ঘুরেফিরেই এলো ফিরমিনোর বাতিল হওয়া গোলের প্রসঙ্গ। অফসাইডের সিদ্ধান্তের আরো বিশদ ব্যাখ্যার দাবি করেন তিনি। ফিরমিনোর হাতের কিছু অংশ বাইরে থাকায় বাতিল হওয়া গোলটির প্রসঙ্গে জার্মান কোচ বলেন, ‘কী বলছেন? তার বাহু বাইরে ছিল? এখন আমরা ২-১ ব্যবধানে জিতেছি তাই ব্যাপারটা গুরুত্ব হারিয়েছে। কিন্তু আমরা গুরুত্বপূর্ণ সময়ের ব্যাপারেই কথা বলছি এবং এটা মোটেও হাস্যকর কিছু নয়। ম্যাচে হারার কারণে একজন কোচের চাকরিও যেতে পারে।’

তিনি আরো যোগ করেন,  ‘আমি এটাকে এর চেয়ে বড় করতে চাই না। এসবের পরিষ্কার ব্যাখ্যা প্রয়োজন। আমি বলছি না কেউ এটা ইচ্ছাকৃতভাবে করছে।’

যোগ করা সময়ের গোলে কোনোক্রমে জয় নিয়ে মাঠ ছেড়েছে দলটি। কোচ ক্লপ তাই দলে আরো উন্নতির জায়গা দেখছেন, ‘আমাদের আরো শিখতে হবে। আরো উন্নতি করতে হবে। আমরা সেটা করি এবং করবও। আমি সেটা জানি। কখনো ধাক্কা খাবেন আপনি কিন্তু এখন পর্যন্ত এসব সমস্যার সমাধান আমরা করেছি, বেশির ভাগ সময়েই।’

ভাগ্যের ছোঁয়া দেখলেও যোগ্য দল হিসেবেই তার দল ম্যাচটা জিতেছে, অভিমত ক্লপের। তিনি বলেন, ‘হ্যাঁ, অবশ্যই যখন আপনি এমন সব গোল করবেন তাতে ভাগ্যের ছোঁয়া থাকবেই। তবে এর মানে এই নয় যে আমরা যোগ্য দল হিসেবে ম্যাচটা জিতিনি।’

দিনের অন্য ম্যাচে চ্যাম্পিয়ন সিটিও একই পরিস্থিতিতে পড়েছিল। সাউদাম্পটনের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও সার্জিও আগুয়েরো আর কাইল ওয়াকারের লক্ষ্যভেদে জয় পেয়েছে তারা। এদিকে চেলসি ওয়াটফোর্ডের মাঠে একই ব্যবধানে জিতেছে। ব্লুজদের হয়ে গোলদুটি করেছেন ট্যামি আব্রাহাম আর ক্রিশ্চিয়ান পুলিসিচ। তবে তাদের নগর প্রতিদ্বন্দ্বী আর্সেনাল উলভারহ্যাম্পটনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। আর ম্যানচেস্টার ইউনাইটেড ১-০ গোলে হেরেছে বোর্নমাউথের কাছে।