ফুটবলে বাংলাদেশ নিচ্ছে এশিয়ার সহযোগিতা ভারত ইউরোপের

আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ২১:১২

g স্পোর্টস রিপোর্টার

ভারতীয় ফুটবল দিনে দিনে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। ক্রোয়েশিয়ার সঙ্গে ফুটবল চুক্তি হয়েছে অনেক আগেই। এবার তারা ফুটবল উন্নয়নে আরেক ধাপ পা রেখেছে। জার্মানির সঙ্গে সমঝোতা স্মারক চুক্তি করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফফ)। ইউরোপিয়ান ফুটবলের সঙ্গে গাঁটছাড়া বেঁধে এগিয়ে যাওয়ার পরিকল্পনা ভারতীয় ফুটবল মহলেও দারুণ প্রশংসা কুড়িয়েছে।

ভারতীয় ফুটবল দল এখন ক্রোয়েশিয়ান কোচের অধীনে প্রশিক্ষণ নিচ্ছে। ক্রোয়েশিয়ান কোচ ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ক্রোয়েশিয়ান ফুটবল সংস্থার সঙ্গে প্রায় দুই মাস আগে আনুষ্ঠানিক আলোচনা করে সমঝোতামূলক চুক্তি করেছে। ক্রোয়েশিয়ান ফুটবল সংস্থা ভারতীয় ফুটবলের তৃণমূল পর্যায়ে সব রকম সহযোগিতা দেয়ারও আশ্বাস দিয়েছে। বিশেষ করে কোচিং সুবিধা, রেফারি প্রশিক্ষণ, কোচ পাঠানো, ভারতীয় বয়সভিত্তিক ফুটবল দলে ক্রোয়েশিয়ান লিগে খেলার সুযোগ করে দেয়াসহ নানা রকম সহযোগিতা করার জন্য আন্তরিকতা দিয়ে এগিয়ে এসেছে। সুনীল ছেত্রীদের ক্রোয়েশিয়ান কোচ ইগর ইস্তিমাচ ভারত এবং ক্রোয়েশিয়ার ফুটবলের সঙ্গে সেতু বন্ধনে কাজ করেছেন। ক্রোয়েশিয়ার ওপরও ভারতীয় ফুটবল কর্মকর্তাদের আস্থা অনেক বেশি।

রাশিয়া বিশ্বকাপ ফুটবলে ক্রোয়েশিয়া ফাইনাল খেলেছিল। তাদের ফুটবল নৈপুণ্য সারা দুনিয়া দেখেছে। প্রশংসায় ভেসেছেন সে দেশের নারী প্রধানমন্ত্রী থেকে শুরু করে সাধারণ মানুষরা। বাংলাদেশের ফুটবল দর্শকরাও ক্রোয়েশিয়ার ফুটবলে মুগ্ধ। এমন মুগ্ধতা ভারতীয় ফুটবলে প্রভাব ফেলেছিল বলেই পাশের দেশ ফুটবল উন্নয়নে পরিকল্পনা করল ক্রোয়েশিয়াকে নিয়ে। এবার তারা আরো একটি চমক দিল জার্মানির সঙ্গেও ফুটবল উন্নয়নে সমঝোতামূলক স্মারক চুক্তি করেছে। ভারতীয় সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে কয়েক দিন আগে জার্মানি গিয়ে সমঝোতামূলক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জার্মান চ্যান্সেলর অঞ্জেলা মর্কেল।

ভারতের পক্ষে স্বাক্ষর করেন আইএএফএফের সচিব কুশল দাস। জার্মান ফুটবল সংস্থা কোচিং কোর্সের ব্যবস্থা করবে। তৃণমূলে প্রতিভাবান ফুটবলার খুঁজে বের করার কৌশল দেখাবে, কিভাবে ছেঁকে তুলে আনতে হয় ভবিষ্যত্ ফুটবলারদের—সেটা জার্মানিরা ভারতে এসেও দেখাতে পারেন। ভারত তাদের রেফারিদের উন্নত প্রশিক্ষণের জন্য জার্মানিতে পাঠাবে। নানা আলোচনায় দুই দেশের ফুটবল কাজ করবে এমন একটা সুন্দর ভবিষ্যত্ দেখছেন ভারতীয় ফুটবল কর্মকর্তারা। ভারতীয় ফুটবল ফেডারেশনের কর্তা কুশল দাস সংবাদ মাধ্যমকে জানিয়েছেন জার্মানির সঙ্গে ফুটবল সম্পর্কটা তাদের কাছে সম্মানের।

ফুটবল উন্নয়নে ভারত ইউরোপে হাত বাড়িয়েছে আর এটা নিয়ে বাফুফে সাধুবাদ জানিয়েছে। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগও ব্যপারটা জানেন—ভারত কী করছে, কী করছে না। তার কাছেও খবর আছে। তবে বাংলাদেশ যে পিছিয়ে নেই সেই খবরটিও জোর গলায় শুনিয়েছেন সাধারণ সম্পাদক। সোহগ বলেছেন, ‘ফুটবলের উন্নয়নে এশিয়ার প্রায় সব দেশেই কাজ করছে। বাংলাদেশ তার সামর্থ্য অনুযায়ী কাজ করছে। এগিয়ে যাচ্ছে। কেউ ইউরোপের সহযোগিতা নিচ্ছে, আবার কেউ এশিয়ার সহযোগিতা নিচ্ছে। বাংলাদেশ সহযোগিতা পাচ্ছে জাপান এবং কাতারের কাছ থেকে।  কাতার সব সময় আমাদের সহযোগিতা করছে। আমরা দল পাঠাচ্ছি তারা সব রকম সহযোগিতা করছে। কন্ডিশনিং ক্যাম্প করছি কাতারে। দুদিন বাদে যারা বিশ্বকাপ আয়োজন করবে তারা বাংলাদেশকে সব সময় সহযোগিতা করে আসছে এটাও কম কিসের। জাপান আমাদেরকে আরো বেশি সহযোগিতা দেবে এমন একটা সম্ভাবনার পথ আরো বড়ো হতে যাচ্ছে।’