বাংলাদেশের গ্রুপে এলো নেদারল্যান্ডস

আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ২১:১৩

টি-টোয়েন্টি

বিশ্বকাপ

g স্পোর্টস রিপোর্টার

শনিবার শেষ হলো ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব। ফাইনালে পাপুয়া নিউগিনিকে ৭ উইকেটে হারিয়ে শিরোপা ধরে রাখল নেদারল্যান্ডস। আর এই ম্যাচের ভেতর দিয়ে নিষ্পত্তি হলো আগামী বছর অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য মূল বিশ্বকাপের গ্রুপিং। এই ট্রফি জয়ের ফলে নেদারল্যান্ডস মূল টুর্নামেন্টের প্রথম পর্বে বাংলাদেশের সঙ্গে ‘বি’ গ্রুপে ঠাঁই পেল। বিপরীতে পাপুয়া নিউ গিনি চলে গেল ‘এ’ গ্রুপে।

দুবাইতে আগে ব্যাট করে পাপুয়া নিউ গিনি করেছিল ৮ উইকেটে ১২৮ রান। জবাবে ১ ওভার ও ৭ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় নেদারল্যান্ডস।

গত আসরের মতোই এবার বিশ্বকাপে সেরা আটটি দল সরাসরি খেলবে সুপার-১২ পর্বে। এর আগে অনুষ্ঠিত হবে একটি প্রথম পর্ব। সেখানে সরাসরি খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এই দুই দলের সাথে বাছাইপর্ব পার করে এসেছে আরো ছয়টি দল। ‘এ’ গ্রুপে শ্রীলঙ্কার সাথে যোগ দিয়েছে পাপুয়া নিউ গিনি, আয়ারল্যান্ড ও ওমান। আর ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে যোগ দিচ্ছে নেদারল্যান্ডস, নামিবিয়া ও স্কটল্যান্ড।

এই দুই গ্রুপে সবগুলো দল সবার সঙ্গে লড়বে। এরপর দুই গ্রুপের শীর্ষ দুটি করে চারটি দল চলে যাবে সুপার-১২ পর্বে। ইতিমধ্যে সুপার-১২ পর্বের দুটি গ্রুপ ঠিক করে ফেলা হয়েছে।

১ নম্বর গ্রুপে আছে পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। এর সাথে এই গ্রুপে যোগ হবে ‘এ’ গ্রুপে চ্যাম্পিয়ন ও ‘বি’ গ্রুপের রানার্সআপ দল। ২ নম্বর গ্রুপে আছে ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। এর সাথে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ও ‘এ’ গ্রুপের রানার্সআপ দল যোগ দেবে।

সুপার-১২ শেষে দুই গ্রুপের শীর্ষ চার দল সেমিফাইনালে লড়বে। আর ১৫ নভেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল।

প্রথম পর্বের গ্রুপিং

গ্রুপ-এ

শ্রীলঙ্কা, পাপুয়া নিউ গিনি, আয়ারল্যান্ড, ওমান

গ্রুপ-বি বাংলাদেশ, নেদারল্যান্ডস, নামিবিয়া, স্কটল্যান্ড