বাফুফেতে বসুন্ধরা কিংসের অভিযোগ

আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ২১:১৩

 স্পোর্টস রিপোর্টার

প্রিমিয়ার ফুটবল লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস একগাদা অভিযোগ বাফুফেতে ঢেলে দিয়েছে। বসুন্ধরার কর্মকর্তাদের চোখে পড়েছে একাধিক অভিযোগ। তাদের অভিযোগের কথাগুলো উঠেছে বিশেষ করে জাতীয় দল নিয়ে। অভিযোগ তুলে বসুন্ধরার সভাপতি ইমরুল হাসান বলেন, ‘খেলোয়াড়দের রুমে রুমে গিয়ে জাতীয় দলের খেলোয়াড়দের বলা হয় একটি নির্দিষ্ট ক্লাবে খেলার জন্য। এটাতো ঠিক না।’ জাতীয় দলের একজন কর্মকর্তা এমনটি করেছেন বলে ইমরুল হাসানের অভিযোগ। তবে সংবাদ মাধ্যমের কাছে তিনি নাম প্রকাশ করেননি। তিনি বলেন, ‘আমি বিষয়টি বাফুফের সভাপতিকে জানিয়েছি। তিনিও আশ্বস্ত করেছেন বিষয়টি দেখবেন।’ ইমরুল হাসান বলেন, ‘কোন খেলোয়াড় কোন ক্লাবে খেলবেন সেটা একজন ব্যক্তি খেলোয়াড়দের কানে কানে তুলে দেবেন সেটাতো হয় না।’ বসুন্ধরা কিংসের খেলোয়াড়দের নিয়ে এমন ঘটনার কথা বাফুফেতে তুলেছেন ইমরুল হাসান।’

জাতীয় দলের ইংলিশ কোচ জেমি ডের কোচিং স্টাফের বিরুদ্ধেও অভিযোগ তুলেছে বসুন্ধরা কিংস। দলের কোচিং স্টাফ খবর না নিয়েই ইনজুরিতে আক্রান্ত ফুটবলারকে ক্যাম্পে ডেকে ছিল। মাসুক মিয়া জনি ইনজুরিতে ছিলেন। ভারতে যাওয়ার আগে জনিকে ক্যাম্পে ডাকা হয়েছিল। ইমরুল হাসান বললেন, ‘তাদের ফিজিও খেলোয়াড়দের কোনো খবরই রাখে না। জনিকে ক্যাম্পে ডেকেছে অথচ তখন জনি মাত্রই পায়ে অস্ত্রোপচার করে এসেছে। অস্ত্রোপচার করা খেলোয়াড় মাঠে কীভাবে নামবেন আমি জানি না। আমরা জনিকে অপারেশন করিয়ে এনেছি, সেটা জাতীয় দলের লোকজন জানেই না। খোঁজ না নিলে জানবে কীভাবে।’ এই কর্মকর্তা জানান বাফুফে সভাপতি তাকে আশ্বস্ত করে বলেছেন, ‘আমি কথা বলব। জিগ্যেস করব। সতর্ক করে দেব।’